বাংলাভাইয়ের বর্বরতার শুরু ২০০৪ সালের ১ এপ্র্রিল
বাংলাভাইয়ের হাতে মানুষ খুন শুরু হয়েছিল এখন থেকে ঠিক তিন বছর আগে। ২০০৪ সালের ১ এপ্রিল সর্বহারা নিধনের নামে বাংলাভাই ও তার ক্যাডারদের হাতে প্রথম খুন হন মনোয়ারুল ইসলাম ওরফে ওসমান বাবু।
প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে জেএমবি ক্যাডাররা সেদিন বাগমারার পলাশী গ্রামে ঢুকে ঘোষণা দেয়, “আমরা এই এলাকায় সর্বহারা নির্মূলের জন্য এসেছি।”
এরপর গ্রামের একটি ফাঁকা জায়গায় তারা প্রকাশ্যে জবাই করে ওসমান বাবুকে।
বাবুর বাড়ি নাটোরের নলডাঙার সরগাতিয়া গ্রামে। একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে তিনি বাগমারায় থাকতেন।
নিজেদের জাগ্রত মুসলিম জনতা সংগঠনের মুজাহিদ পরিচয় দিয়ে লাঠি--সোটা, বল¬ম, ছুরি নিয়ে সাজুরিয়া বিলে বাংলাভাইয়ের সহযোগীরা বাবুর ওপর নির্মম নির্যাতন চালায়। এক পর্যায়ে জ্ঞান হারান বাবু। পরে তাকে টেনে--হিঁচড়ে পলাশী গ্রামের এক ফাঁকা মাঠে নিয়ে জবাই করা হয়।
এরপর বাংলাভাই আইসক্রিম বিক্রেতা নাসিরকে রাস্তায় ধরে পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেয়। বাংলাভাই ওইদিনই সহযোগীদের নিয়ে আস্তানা গাড়ে বাগমারার হামিরকুৎসায়।
সেখানে রমজান কায়ার বাড়িতে খোলা হয় নির্যাতন কেন্দ্র। বাংলাভাই বাহিনী এরপর চালিয়ে যায় একের পর এক হত্যা আর নির্যাতন। কেবল বাগমারাতেই এ সময় হত্যা করা হয় আট জনকে।
বাবুকে হত্যার পর পুলিশ তার পরিবারের মামলা নেয়নি। অবশ্য বাগমারা থানা পুলিশের তৎকালীন দারোগা আবদুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বাংলাভাই বা জেএমবি সদস্যদের আসামি করা হয়নি।
উল্টো বাংলাভাইয়ের নির্দেশে তার নির্যাতনের শিকার আইসক্রিম বিক্রেতা নাসির, তাছের আলী, রমজান আলী ও ঝাণ্ডু কুমার দাশসহ কয়েকজনকে আসামী করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ার জানান, মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাংলাভাইসহ জেএমবি সদস্যদের আসামী না করার বিষয়ে তিনি বলেন, তখন যারা দায়িত্বে ছিলেন, তারাই এটা ভালো বলতে পারবেন।
