নওগাঁয় বাংলা ভাইয়ের হাতে নির্যাতিতরা পৃষ্ঠপোষকদেরও বিচার চান
সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ ৬ শীর্ষ জঙ্গির ফাঁসী কার্যকর হওয়ায় রানীনগর ও আত্রাই উপজেলায় বাংলা ভাইয়ের হাতে নিহত ও নির্যাতিতদের পরিবারগুলো পুরোপুরি সন্তুষ্ট নয়।
জেএমবির হাতে নিহত রানীনগর উপজেলার সিম্বা গ্রামের ইদ্রিস আলী ওরফে গাজুর আলীর স্ত্রী রেবেকা সুলতানা, মা আছিয়া বেগম, শফিকপুর গ্রামের নিহত আব্দুল কাইয়ুম বাদশাহর ভাই রাজন ও মাহমুদ মুগা, চামটা গ্রামের নিখোঁজ সুশান্তের পিতা সুধীর চন্দ্র এবং একই গ্রামের সুকলের মা অঞ্জলী রানীর সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানা গেছে।
প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, কেবল বাংলা ভাইয়ের ফাঁসি হলেই হবে না। আত্রাই রানীনগরসহ সারা দেশে যারা ওই জঙ্গিদের দোসর, যারা তাদের মদদ দিয়েছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
জেএমবির দ্বিতীয় বাংলা ভাই ২০০৪ সালে নওগাঁর রানীনগরের ভেটী ও বাঁশবাড়ীয়া গ্রামে এবং আত্রাই এর জগদাশ গ্রামে ক্যাম্প স্থাপন করে সর্বহারা নিধনের নামে সাধারণ মানুষের ওপর সীমাহীন নির্যাতন চালায়।
