২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাস, ২ সচিব ও ৯ উর্দ্ধতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, দুই সচিব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নয় উর্দ্ধতন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 12:14 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ক্ষমতার অপব্যবহার করে একশ’ ২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

দুদকের সহকারি পরিচালক শহিদুল আলম বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।  

মামলার এজাহারে বলা হয়, মির্জা আব্বাসসহ রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা রাজধানীর ধানমণ্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮ টি পরিত্যক্ত বাড়ি পরস্পর যোগসাজসের মাধ্যমে বিনা দরপত্রে বিক্রি করেছেন। প্রকৃত বাজার দরের চেয়ে অত্যন্ত কম দামে তা বিক্রি করা হয়। তাদের এ দূর্নীতির ফলে রাষ্ট্রের মোট একশ’ ২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি হয়েছে।

মির্জা আব্বাস ছাড়া মামলার অপর আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব এসএম জাফরুল¬াহ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব শহীদ আলম, রাজউকের নির্বাহী প্রকৌশলী কাজী রিয়াজুল মনির, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সাবেক প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহম্মেদ, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী, সাবেক পরিচালক (অর্থ) হুমায়ুন কবির, সাবেক পরিচালক (এস্টেট) বর্তমানে সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম নবী, রাজউকের সাবেক সচিব (বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ) মীর মোশরারফ হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ এমদাদুল হক, পূর্বাচল শহর উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুস সাদেক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহম্মেদ।