২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ প্রকল্পে জোট সরকারের অনিয়ম তদন্ত করবে বিশেষজ্ঞ কমিটি: তপন চৌধুরী

বিএনপি জামায়াত জোট সরকারের সময় নেওয়া বিদ্যুৎ প্রকল্পগুলোতে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বুধবার নফহবংি২৪.পড়স কে একথা জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী।

তিনি বলেন, “এখনও পুরোদমে কাজ শুরু না হওয়া গত সরকারের বিদ্যুৎ প্রকল্পগুলোর বিষয়ে অনিয়মসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, জোট সরকারের সময় ছয়টি প্রকল্প হাতে নেওয়া হলেও পুরোদমে এর কাজ শুরু করা হয়নি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, সিরাজগঞ্জ (৪৫০ মেগাওয়াট), মেঘনাঘাট (৪৫০ মেগাওয়াট), সিদ্ধিরগঞ্জ (২৪০ মেগাওয়াট), সিদ্ধিরগঞ্জ (২১০ মেগাওয়াট), শিকলবাহার (২২৫ মেগাওয়াট) ও চাঁদপুর (১৫০ মেগাওয়াট)।

বিদ্যুৎ উপদেষ্টা আরও বলেন, “নির্মানাধীন বিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার দিকে যৌথবাহিনী নজর রাখবে। পাশাপাশি চালু থাকা কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার বিষয়টিও ‘মনিটর’ করবে যৌথবাহিনী।”

বিদ্যুৎ বিভাগ সুত্র জানিয়েছে, নির্মানাধীন প্রকল্প রয়েছে চারটি। এগুলো হলো---ফেঞ্চুগঞ্জ (৯০ মেগাওয়াট), আরপিসিএল (৭০ মেগাওয়াট), ওয়েস্টমন্ট (৪০ মেগাওয়াট) এবং সামিট পাওয়ার (২২ মেগাওয়াট)।

তপন চৌধুরী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে অনুমোদনের অতিরিক্ত যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তার সংযোগ বিচ্ছিন্ন করা হবে অথবা অতিরিক্ত বিদ্যুৎ বৈধভাবে নিতে হবে।

সন্ধ্যার পর বাজার বন্ধ থাকার বিষয়ে তপন চৌধুরী বলেন, “এখনও অনেক দোকানে সন্ধ্যার পর বিদ্যুৎ জ্বলতে দেখা যায়। তাদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে দোকান বন্ধ রাখতে উদ্বুদ্ধ করবে যৌথবাহিনী।”