২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার ৭২ হাজার জনশক্তি রপ্তানির সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে

চলতি বছরের অক্টোবরের মধ্যে মালয়েশিয়ায় প্রায় ৭২ হাজার জনশক্তি রপ্তানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৩০ মার্চ অনুষ্ঠিত হচ্ছে দু দেশের সচিব পর্যায়ে বৈঠক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এ বৈঠকে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া আরো সহজ ও স্বল্প সময়ে সম্পন্ন করার প্রস্তাব দিবে ঢাকা। এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাজার বাংলাদেশের জন্য আরো সম্প্রসারিত করার ব্যাপারেও দু পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য  জানিয়েছেন।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে জনশক্তি রপ্তানি নতুন করে শুরু হওয়ার পর থেকে এক বছরের মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশী কর্মীকে মালয়েশিয়ায় কর্মসংস্থান করা হবে বলে সে দেশের সরকার ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত প্রায় ২৮ হাজার বাংলাদেশীর মালয়েশিয়ায় কর্মসংস্থান হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল মতিন চৌধুরী মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেন, “চলতি বছরের অক্টোবরের মধ্যে এক লাখ জনশক্তি মালয়শিয়ায় রপ্তানি করার কথা। ইতিমধ্যে প্রায় ২৮ হাজার শ্রমিককে মালয়শিয়ায় পাঠানো হয়েছে। বাকীদের যাতে দ্রুততম সময়ে পাঠানো যায় সে বিষয়টি উত্থাপন  করা হবে এ বৈঠকে।”

কর্মকর্তারা জানান, পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী কল্যাণ সচিব। দলের অন্যান্য সদস্যরা হলেন, বিএমইডি’র পরিচালক (ইমিগ্রেশন), বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড(বোয়েসেল) এর পরিচালক, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এবং লেবার কাউন্সিলর। অন্যদিকে মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল।

জানা গেছে, দু পক্ষের বৈঠক শেষে বাংলাদেশের শ্রমিকরা সেখানে কেমন আছেন, তাদের কোন সমস্যা আছে কিনা তা সরজমিনে পরিদর্শন করবে বাংলাদেশ প্রতিনিধি দল। সরজমিনে পাওয়া বিভিন্ন তথ্যও তুলে ধরা হবে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্টদের কাছে। পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের নিয়ে মালয়েশিয়া সরকারের কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা তা জেনে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ।

এছাড়া মালয়েশিয়ার জনশক্তি বাজারে ভবিষ্যতে আর কি ধরনের  শ্রমিকের প্রয়োজন হবে এবং নতুন কোন খাত সৃষ্টি হবে কিনা সে বিষয়ে যাবতীয় তথ্য সুনির্দিষ্টভাবে জানার চেষ্টা করবেন বাংলাদেশের প্রতিনিধিরা।

নতুন কোন খাতে শ্রমিক নেওয়ার ব্যাপারে যদি আশ্বাস পাওয়া যায় সেক্ষেত্রে আগে থেকেই সংশ্লিষ্টদের প্রশিক্ষিত করে তোলা হবে।

উল্লেখ্য কৃষি খামার, নির্মাণ, শিল্প কারখানা এবং বিভিন্ন ধরনের বৃক্ষরোপন কর্মসূচীতে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় চাকরি করছেন।

১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় দু লাখ ৭৩ হাজার জনশক্তি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি করা হয়েছে। দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০০৬ সালের ২২ অক্টোবর থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি পুনরায় শুরু হয়েছে।