ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জেলার রাণীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামের তহশিলদার আব্দুর সামাদকে হত্যার দায়ে স্ত্রী রওশন আরা, আবু তাহের ও জালাল উদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম রাব্বানী মঙ্গলবার এই রায় দেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ৩১ জানুয়ারি হাড়িয়া গ্রামের তহশিলদার আব্দুর সামাদ রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পর দিন ভোরে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় সামাদের ভাই দিল মোহাম্মদ বাদী হয়ে রাণীশংকৈল থানায় স্ত্রী রওশন আরা, আবু তাহের ও জালাল উদ্দীনকে আসামী করে মামলা দায়ের করেন।
সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
