চতুর্থবারের মতো পিছিয়ে গেল এরশাদের সোনা চোরাচালান মামলার রায়
বিচারক ছুটিতে থাকায় এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা চতুর্থবারের মতো পিছিয়ে গেল। এইচ এম এরশাদের উপস্থিতিতে মঙ্গলবার রায়ের নতুন তারিখ দেওয়া হয়েছে ১৬ এপ্রিল।
রায়ের নথি বড় বলে প্রথম দুই দফা এবং পরে বিচারক ছুটিতে থাকায় এ মামলার রায় প্রদান প্রায় আড়াই মাস পিছিয়ে গেল। ৬ ফেব্র“য়ারি এ মামলার রায় দেওয়ার কথা ছিল।
ছুটিতে থাকায় মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম মজিবুর রহমান আসেননি। এর আগে ৬ মার্চ বিচারকের মায়ের অসুস্থতার কারণে তৃতীয় দফায় রায় দেওয়া পিছিয়ে যায়।
মঙ্গলবার সকাল সোয়া দশটায় এরশাদ আদালতে আসেন এবং আইনজীবীদের মাধ্যমে হাজিরা দেন।
গত ৬ ফেব্র“য়ারি মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও রায় লেখা সম্পুর্ণ হয়নি; এ কারণ দেখিয়ে বিচারক ১৫ ফেব্র“য়ারি নতুন তারিখ ঠিক করেছিলেন। একই কারণ দেখিয়ে দ্বিতীয় বারের মতো তারিখ ঠিক করা হয় ৬ মার্চ।
১৫ ফেব্র“য়ারি বিচারক এসএম মজিবুর রহমান এরশাদের আইনজীবীকে বলেছিলেন, “মামলার এতো বড় নথি। ভালো করে রায় লেখার জন্য আমাকে একটু সময় দেন।”
৬ মার্চ এরশাদ সৌদি আরব যাবেন-- এ কারণ দেখিয়ে তার আইনজীবীরা রায় ঘোষণার তারিখ আরো কয়েকদিন পেছানোর জন্য আদালতের কাছে আবেদন জানালে বিচারক বলেছিলেন, “আমি নিজেই জানি না ওইদিন (৬ মার্চ) রায় ঘোষণা হবে কিনা। তখনও এতো বড় নথি প্রস্তুত করতে পারবো কিনা সে বিষয়ে আমি নিশ্চিত না।”
১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তজার্তিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় ওই বছরেরই ৩০ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। ওই অভিযোগ পত্রের ভিত্তিতে এরপরের বছর বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ও ২৫ (ঘ) ধারার অভিযোগ এনে সম্পূরক অভিযোগ পত্র দেওয়া হয়। একই বছরের ১৫ অক্টোবর এরশাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে হাইকোর্ট এরশাদের ক্ষেত্রে মামলার বিচার কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। এ অবস্থায় ১৯৯২ সালের ১৪ মে দুই বিদেশী নাগরিককে যাবজ্জীবন ও অন্য দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়ে রায় দেওয়া হয়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ১৯৯৯ সালের ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির তারিখ ধার্য হয়।
মামলাটিতে এরশাদের অংশটির যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২২ জানুয়ারি এবং ওই দিনই ৬ ফেব্র“য়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।
