২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ

চট্টগ্রামে এক গৃহবধূকে যৌতুৃকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নগরীর বাকলিয়া থানাধীন বড় মিয়া মসজিদ এলাকার বাসিন্দা শারমিন আক্তার (১৯) শুক্রবার গভীর রাতে সেন্টার পয়েন্ট হাসপাতালে মারা যান। নিহত গৃহবধূর পিতা মোবারক হোসেন দাবি করেছেন তাকে নির্যাতন করার পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।

নিহতের স্বামীর নাম ওয়াহেদুজ্জামান। তারা কিছু দিন পূর্বে প্রেম করে বিয়ে করেছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় গৃহবধূ শারমিনকে গত বৃহস্পতিবার স্থানীয় পলি ক্লিনিকে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে তার পরিবারের লোকজন তাকে সেন্টার পয়েন্ট হাসপাতালে স্থানান্তর করে। এই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শুক্রবার রাত একটার দিকে মারা যান। পরে তার লাশ বাকলিয়ায় তার স্বামীর বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন।

শনিবার দুপুরে নিহত গৃহবধূর পিতার অভিযোগ এবং প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ মৃতের বাড়িতে গিয়ে উপস্থিত হলে তার স্বামী এবং শ্বশুর পক্ষের সবাই পালিয়ে যায়।

বাকলিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, যৌতুকের জন্য হত্যা করা হয়েছে এমন একটি খবর পেয়ে তারা বড় মিয়া মসজিদ এলাকার এই বাসায় গিয়ে উপস্থিত হয়ে দেখতে পায় সেখানে শুধু একটি লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা সবাই পালিয়ে গেছে।

তিনি ডাক্তাররের দেয়া তথ্য উদ্ধৃত করে জানান, তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার শরীরে সেডাটিভজাতীয় ওষুধের পরিমান অত্যাধিক ছিল বলে তারা জানতে পেরেছেন।

নিহতের পিতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মামলা দায়ের করা হবে।

তবে পরিবারের সবাই পালিয়ে যাওয়ায় বিষয়টি সন্দেহজনক বলে পুলিশ ধারণা করছে।

নিহতের পিতা মোবারেক হোসেন দাবি করেছেন, তার মেয়েকে গত কোরবানির সময়ও যৌতুকের দাবিতে তার স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন মারধর করেছে। এবারও যৌতুকের জন্য তার উপর নির্যাতন চালানো হয়। গত বৃহস্পতিবার তাকে ব্যাপক মারধর করার পর সে অসুস্থ হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।