বিশ্বের দীর্ঘতম সৈকতে ১০০ কিলোমিটার পথ হাঁটা শেষ
বাংলাদেশে এই প্রথমবারের মতো ‘লংগেস্ট বীচ চ্যালেঞ্জ’ মোকাবিলা করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ১০০ কিলোমিটার পথ হাঁটা শেষ করেছেন প্রায় পাঁচশ তরুণ--তরুণী।
রোববার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বিডিআর রেস্ট হাউজে এসে তিন দিনের এই ওয়াকাথন শেষ হয়। গত ২৩ মার্চ কক্সবাজারের দক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফ সমুদ্র সৈকতের জাহাজঘাটা থেকে এই হাঁটা কর্মসূচি শুরু হয়েছিল। তবে শুরুতে আয়োজক সংস্থা ‘অ্যাকটিভেট বাংলাদেশ’ প্রতিযোগিতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, তিনদিনের এই কর্মসূচীতে কিছু অসঙ্গতি চোখে পড়ায় প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। তবে সঠিক সময়ে চার শতাধিক তরুণ--তরুণীর ১০০ কিলোমিটার বালুচরে হেঁটে কক্সবাজারে পৌঁছাতে পারাকেই প্রথমবারের আয়োজনের সার্থকতা বলে মনে করছেন তারা।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০০ তরুণ তরুণী ‘সময় আজ জেগে উঠার’ শ্লোগান নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুচরে ১০০ কিলোমিটার পথ হাঁটতে শুরু করেছিলেন গত ২৩ মার্চ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে। টেকনাফের সমুদ্র সৈকত পয়েন্ট জাহাজঘাট থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রাটি উদ্বোধন করেন উপদেষ্টা তপন চৌধুরী।
প্রথমদিনে প্রতি ঘন্টায় সাড়ে তিন কিলোমিটার হাঁটার মধ্য দিয়ে সন্ধ্যা নাগাদ টেকনাফ থেকে ২১ কিলোমিটার দূরে শামলাপুরে পৌঁছার কথা ছিল। কিন্তু প্রতিযোগীরা অবিশ্বাস্যভাবে বালিয়াড়ি পথে প্রতি ঘন্টায় ৮ থেকে সাড়ে ৮ কিলোমিটার হেঁটে দুপুরের মধ্যেই শামলাপুর পৌঁছে যায়। একইভাবে ২৪ মার্চ বেলা আড়াইটার মধ্যেই ৪০ কিলোমিটার পথ হেঁটে ইনানী সৈকতে পৌঁছে যায় অভিযাত্রাটি।
শেষদিন রোববার পদযাত্রাটি সকাল সাড়ে ৮টায় ইনানী থেকে রওয়ানা দিয়ে বিকেল সাড়ে ৪টায় কক্সবাজারের লাবণী পয়েন্টে পৌঁছে। কক্সবাজার সৈকতের ছাতা ব্যবসায়ী ও শহরের নুনিয়াছড়ার তরুণ মোহাম্মদ হারুন চার ঘন্টা আগে পৌঁছে যান কাঙ্খিত গন্তব্যে।
তিনি পৌঁছার পর প্রায় ১৫ মিনিটের ব্যবধানে একে একে পৌঁছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বিশ্বজিৎ সিং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কমল বিশ্বাস, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার দীপক শর্মা দীপু ও স্থানীয় ছাত্রদল নেতা সরওয়ার রোমন। তাদের পৌঁছানোর প্রায় চার ঘন্টা পর বিকেল সাড়ে ৪টায় দল বেঁধে কক্সবাজার সমুদ্র সৈকতের শেষ পয়েন্টে পৌঁছান দলের অন্য সদস্যরা।
লাবণী পয়েন্টে স্বাগত জানান অ্যাকটিভ বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আনোয়ার হোসাইন, সংগঠনটির প্রকল্প সমন্বয়কারী ও টিভি ধারা ভাষ্যকার ডা. অনুপম হোসাইন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান মা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন প্রমুখ।
আয়োজক সংগঠন ‘অ্যাকটিভেট বাংলাদেশ’ এর প্রকল্প সমন্বয়কারী ডা. অনুপম হোসাইন প্রতিযোগিতা বাতিল করা প্রসঙ্গে বলেন, “প্রথমবার আয়োজন বলেই আমাদের আয়োজনে কিছুটা ভুল--ত্র“টি ছিল। কিন্তু প্রতিযোগীদের মধ্যে অনেকেই দ্বিতীয় দিন হাঁটা শুরু করার নির্দিষ্ট সময়ের আগেই শামলাপুর থেকে রওয়ানা দেওয়ায় এবং প্রতিযোগিতার মাঝামাঝি সময়ে কিছু ‘অখেলোয়াড়ীসুলভ আচরণ’ করায় প্রতিযোগিতা বাতিল করতে বাধ্য হয়েছি।”
তিনি আরও বলেন, আগামীতে প্রতিযোগিতা আয়োজনের আগে অংশগ্রহণকারী সবার পৃথক পৃথক ইন্টারভিউ নেওয়া হবে এবং তাদের পারিবারিক ইতিহাস জেনে নেওয়া হবে।
অপরদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তারা জানান, তিন দিনের প্রতিযোগিতা চলাকালে প্রতিযোগীদের পানীয় ও সামান্য বিস্কুট ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। দুপুরের খাবার দেওয়া হয়েছে বিকালে।
তারা বলেন, প্রতিযোগীদের সঙ্গে অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও তিনদিনের কোন সময় অ্যাম্বুলেন্স ছিল না। তাছাড়াও প্রতিযোগীদের রাত্রি যাপনকালীন ক্যাম্পে আয়োজকদের কেউ থাকতেন না। ফলে প্রতিযোগীরা পরদিন সকালে যার যার ইচ্ছা মতো হাঁটা শুরু করেছেন।
এ ব্যাপারে ডা. অনুপম হোসাইন জানান, সাগরের জোয়ারের কারণে সঠিক সময়ে গাড়ি পৌঁছাতে না পারায় প্রতিযোগীদের খাবার সরবরাহে কিছুটা দেরি হয়েছে। তবে চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত পরিমাণ ছিল। তাছাড়া তিনি নিজেই প্রতিযোগীদের অসুস্থতার বিষয়ে খোঁজ--খবর নেন বলে জানান। তিনি বলেন, কোন প্রতিযোগীই অসুস্থ হননি।
এদিকে আয়োজক সূত্র জানায়, ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতে ১০ কিলোমিটার ‘ফান ওয়াক’ এবং ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ভলিবলের ব্যবস্থা নেওয়া হয়েছে। যা সবার জন্য উম্মুক্ত থাকবে। পরে বিকাল সাড়ে ৪টায় সমুদ্র সৈকতে সমাপনী অনুষ্ঠান করা হবে।
