পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
পাবনার আতাইকুলা থানার শিমুলচরা গ্রামে চরমপন্থী দলের ঘাটিতে শনিবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আটটি অত্যাধুনিক সাব মেশিনগান (এসএমজি), ২৫টি ম্যাগজিন এবং ১ হাজার ৪৯৮ রাউন্ড এসএমজির গুলি উদ্ধার করেছে।
এর আগে র্যাব আটক করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সামরিক শাখার প্রধান ফারুক আহমেদ পবনকে (৩৫)। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামে।
পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করার পর পবন চরমপন্থী দলে যোগ দেয়।
র্যাব সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে র্যাব--১২ এর মেজর আমজাদ হোসেন মিঠু এবং সহকারী পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নেতৃত্বে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সিঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পবনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী আতাইকুলা থানার শিমুলচরার আজহার আলী মাস্টারের বাড়ির কাঠালবাগানের মাটি খুড়ে সাতটি ট্রাভেল ব্যাগে রাখা আটটি চাইনিজ সাব মেশিনগান, ২৫টি ম্যাগজিন এবং ১ হাজার ৪৯৮ রাউন্ড এসএমজির গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব-- ১২ এর কমান্ডিং অফিসার এবং র্যাবের এডিশনাল ডিআইজি বখতিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, অস্ত্রের সন্ধান পাওয়ার পর তারা নিজেরাই মাটি খুড়ে এগুলো উদ্ধার করেন।
পবনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।
চরমপন্থী নেতা পবন র্যাবকে জানিয়েছে, লাল পতাকা নেতা লড়কা সামাদ র্যাবের হাতে ধরা পড়ার আগে অস্ত্রগুলো তার কাছে রাখে। পরে লড়কা সামাদ এনকাউন্টারে নিহত হলে এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসে তার উপর। সেই থেকেই পবন সামরিক শাখার প্রধান হিসেবে কাজ করছিল।
সূত্র জানিয়েছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কামরুল মাস্টার ও সামরিক প্রধান ঝুনু মেকার র্যাবের এনকাউন্টারে নিহত হওয়ার পর দলের হাল ধরে পবন।
