২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনের একদিন বেশিও ক্ষমতায় থাকতে চাই না: ড. ফখরুদ্দীন

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চাই। প্রয়োজনের একদিন বেশিও ক্ষমতায় থাকতে চাই না--এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। পাশাপাশি এটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, মৌলিক সংস্কারগুলোর পরই নির্বাচন প্রত্যাশা করছে দেশবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 01:32 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গত ২২ মার্চ প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি প্রকাশ করে টাইম। ওই সাক্ষাৎকারসহ টাইমের প্রতিবেদনটি তুলে ধরা হল-

প্রথম দর্শনে ফখরুদ্দীনকে মোটেই তত শক্ত পাল্লার মানুষ মনে হয় না। সৌম্য দর্শন, শিক্ষিত একজন লোক, সাধারণত অর্থনীতিবিদরা যেমন হন ঠিক তেমনটাই। দীর্ঘদিন তিনি কাজ করেছেন কেন্দ্রীয় ব্যাংকে,  কাজ করেছেন বিশ্বব্যাংকেও। আলাপকালে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং স্ত্রীকে নিয়ে সিনেমা দেখার কথা অকপটেই স্বীকার করেন। তবে ৬৬ বছর বয়সী বাংলাদেশের নতুন এ কর্ণধারকে পুরোপুরি জানাটা মনে হয় বেশ কঠিন।

গত বছরের অক্টোবর মাসের প্রথমদিকে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থবির হয়ে পড়ে ঢাকা। জানুয়ারি মাসে জারি করা হয় জরুরি অবস্থা। একইসঙ্গে ওই মাসে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত এবং পুনর্গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দীন আহমদের নাম ঘোষণা করা হয়। সত্যিকার অর্থে এ পদটি প্রধানমন্ত্রীর পদেরই সমতুল্য। নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের সদস্যদের বেশিরভাগই সেনাবাহিনীর সমর্থনপুষ্ট অরাজনৈতিক ব্যক্তি। এরপর থেকেই ফখরুদ্দীন পিছু ধাওয়া করেন দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের, শক্তিশালী করেন দেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাত। বিচারবিভাগকে স্বাধীন করার কাজ হাতে নেন, মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নেন। এ কাজ গুলো করার জন্য বাংলাদেশের সুশীল সমাজ দীর্ঘদিন ধরে ছিল সরব।

দুনিয়াজুড়ে যে দেশটি দুর্নীতিতে শীর্ষস্থান দখল করেছে, তেমন একটি দেশে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দুর্নীতি দমন অভিযান চালু করা নিঃসন্দেহে ফখরুদ্দীনের শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দুর্নীতি ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের দায়ে এখন পর্যন্ত ১৬০ জনেরও বেশি প্রথম সারির রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ জালে ধরা পড়েছেন দুটি প্রধান রাজনৈতিক দলের কয়েকজন মন্ত্রীও। এমনকি বাদ যাননি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও। গত সপ্তাহে তারেক রহমান তার বিরুদ্ধে দাখিল করা অভিযোগের মুখোমুখি হতে আদালতে হাজির হন। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তার বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। একইসঙ্গে বিভিন্ন রাজনীতিবিদদের শত শত কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সরকারের ধারণা, এসব টাকা দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে।

বাংলাদেশের জনগণ অবশ্য দুর্নীতিবিরোধী এ অভিযানকে প্রত্যক্ষ করছে বিস্ময় ও আমোদ মেশানো অনুভূতি নিয়ে। এ সরকার নির্বাচিত নয়, তারা এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি এবং সব ধরনের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করেছে। তারপরও সংবাদপত্রগুলোর চালানো জরিপে দেখা যায়, জনগণের একটি বিরাট অংশই সমর্থন করছে  এ সরকারকে। ক্ষমতায় আসার পর কেবল মঙ্গলবারই ফখরুদ্দীন আহমদ টাইম ম্যাগাজিনের সিমন রবিনসনের সঙ্গে কথা বলেন। যে কক্ষে বসে তারা কথা বলেন ঠিক তার মুখোমুখি কক্ষেই কিছুদিন আগ পর্যন্ত অফিস করতেন খালেদা জিয়া।

টাইম: নির্বাচন না করে কেন জরুরি অবস্থা জারি করা হল?

ড. ফখরুদ্দীন: আমরা ক্ষমতায় আসার ঠিক আগের অবস্থাটা একটু খেয়াল করুন। নির্বাচন তখনই তাৎপর্যপূর্ণ হয় যখন মুক্ত, স্বচ্ছ, নির্ভরযোগ্য পদ্ধতিতে এবং নির্দলীয় নির্বাচন কমিশনের তৈরি করা নির্ভুল ভোটার তালিকার ভিত্তিতে হয়। এসব শর্তের অনুপস্থিতি এমন একটি অচলাবস্থা তৈরী করল যার চূড়ান্ত পরিণত হল জরুরি অবস্থা। সংবিধান অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আমাদের ডাকা হলো।

এখন আমরা সবার জন্য সমান প্রতিযোগিতার একটি ক্ষেত্র তৈরীর কাজ করছি। একই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি এবং দারিদ্র্য দূর করার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপও নিচ্ছি। তারপরও আমাদের ভুললে চলবে না, আমাদের মূল লক্ষ্য হল অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা। তার জন্য মৌলিক সংস্কার সাধনের দরকার হবে। তা হলেই কেবল নির্বাচনের ফলাফলে জনগণের ইচ্ছার সত্যিকার প্রতিফলন দেখতে পাওয়া যাবে।

টাইম: এ কাজে আপনার ভূমিকা কী?

ড. ফখরুদ্দীন:  নিজেকে আমি দেখি মৌলিক সংস্কার চালিয়ে নেওয়া কাণ্ডারী বা নেতা হিসেবে। এ সংস্কারের ফলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করাই আমার লক্ষ্য।

টাইম: কেউ কেউ মনে করেন, আপনার সরকারের প্রতিষ্ঠা হয়েছে অঘোষিত ও কৌশলী সেনা অভ্যূত্থানের মাধ্যমে।

ড. ফখরুদ্দীন: বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে যাচাই এবং না বোঝার ফলেই কেউ এরকম মন্তব্য করতে পারেন। আমি আগেই বলেছি, যে পরিস্থিতিতে আমরা ক্ষমতায় এসেছি তা সাংবিধানিকভাবে বৈধ। আর সেনাবাহিনীও সংবিধান ও আইনের শাসনের প্রতি সত্যিকারভাবেই শ্রদ্ধাশীল। অবশ্যই সেনাবাহিনী আমার সরকারকে সমর্থন করছে। মানবসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী ডাকা হয়েছে- এমন অভিজ্ঞতা তো বিশ্বে বিরল নয়।

টাইম: দুর্নীতি দমন অভিযান কেন শুরু করলেন?

ড. ফখরুদ্দীন:  সত্যিকার অর্থে বলতে গেলে সুশাসন ও গণতন্ত্রের জন্য এখানে দুর্নীতি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি সত্যিকার অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে যে সব অসাধু পন্থা নির্বাচনের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে,তা উচ্ছেদ করতে হবে। এখানে তো পেশিশক্তি, ক্ষমতা ও অর্থের অপব্যবহার নির্বাচনে জয়ের হাতিয়ারে পরিণত হয়েছিল।

টাইম: আপনারা তো অনেক ক্ষমতাধরকেও আটক করেছেন।

ড. ফখরুদ্দীন: কয়েকজন মুখচেনা, বড় দু®কৃতকারীকে যদি আমরা শাস্তি দিতে পারি তাহলে কেবল জনগণের হাততালিই আমরা পাব না, বরং এটা একটা শক্ত বার্তাও পৌঁছে দেবে দুর্নীতিবাজদের কাছে। আর সেটাই হবে ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় রক্ষাকবচ।

টাইম: দুর্নীতির বিরুদ্ধে আপনারা যেভাবে লেগেছেন, বড় দুই দলের কেউ কি তা পারত?

ড. ফখরুদ্দীন: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে রাজনৈতিক চাপের বোঝা বইতে হয় না। রাজনৈতিক দলগুলো এমনটা পারত কি পারত না, তা জানি না। তবে অতীতে দেখা গেছে, তাদের সে রকম রাজনৈতিক সদিচ্ছাও ছিল না, আর সাহসেরও অভাব ছিল।

টাইম: দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আপনিও তো সুবিধাভোগী ব্যবস্থার অংশ হয়ে যাবেন।

ড. ফখরুদ্দীন: যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের লক্ষ্যে স্থির থাকব, কর্মকাণ্ডে স্বচ্ছতা থাকবে, জনগণের কাছে জবাবদিহিতার দায় বোধ থাকবে, ততক্ষণ পর্যন্ত এমনটা হওয়ার সুযোগ কম। আমাদের সব সময় মনে রাখতে হবে, কী আমাদের লক্ষ্য, কী আমাদের গুরুত্বের বিষয়। মনে রাখতে হবে জনগণ আমাদের পেছনে। আমরা তাদের মন ভেঙ্গে দিতে পারি না।

টাইম: আপনারা কতদিন ক্ষমতায় থাকতে চান?

ড. ফখরুদ্দীন: নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কবে নির্বাচন হবে। তার আগে, রাজনৈতিক দলগুলোর মৌলিক সংস্কার করতে হবে। এর মধ্যে আছে দল নিবন্ধীকরণ, গঠনতন্ত্র অনুসরণ এবং জনগণের কাছে থেকে অর্থ নিয়ে তারা কী করছেন, তার একটা জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করা। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ভোটার কার্ড এমনকি স্বচ্ছ ব্যালট বাক্স তৈরীর মতো পদ্ধতিগত কাজও করতে হবে। এর ফলে কারচুপি একদম কমে যাবে। এসব কাজ করতে সময় লাগবে। সম্ভাব্য স্বল্পতম সময়ে নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারাবদ্ধ। কিন্তু দেশের মানুষের চাওয়া, এসব সংস্কার করতে যত সময় লাগবে তত সময় আমাদের নেওয়া উচিত এবং তার পরেই নির্বাচন হোক। কিন্তু আমি দ্বিধাহীন চিত্তে বলতে চাই, প্রয়োজনের অতিরিক্ত একদিনও আমরা ক্ষমতা ধরে রাখতে চাই না।

টাইম: ওইসব সংস্কার করতে তো কয়েক বছর লেগে যাবে।

ড. ফখরুদ্দীন: কয়েক বছর? একেবারেই না। কিন্তু কিছু নেতিবাচক উপাদানকে একেবারেই সরিয়ে দিতে হবে। কেবল আগামী নির্বাচনের জন্য নয়, এরপরের নির্বাচনগুলোর জন্যও।

টাইম: নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি রাজনৈতিক দল গঠন করবেন। এটা কি ইতিবাচক?

ড. ফখরুদ্দীন: অর্থনীতিবিদ হিসেবে আমি সবসময় মনে করি, সব ক্ষেত্রেই উন্নত বিকল্পের সুযোগ থাকা ভালো। আগে আমাদের এটারই অভাব ছিল। ভালো, সৎ প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় আসার ব্যাপারে নিরুৎসাহিত কিংকা বাধা দেওয়া হতো। এ ধরনের লোক যতই দেশের রাজনীতিতে আসবেন, ততই দেশের ও গণতন্ত্রের মঙ্গল।

টাইম: আপনারা কি রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসার আশঙ্কা করছেন?

ড. ফখরুদ্দীন: না, সত্যিই না। আমরা যাই-ই করেছি তাতেই জনগণের উচ্ছ্বসিত সমর্থন পাচ্ছি। তবে হ্যাঁ, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। যে কোন সংস্কার প্রক্রিয়াতেই কেউ কেউ ক্ষতিগ্রস্ত হন। তারা সংস্কার কর্মসূচি ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সেটাকে আমি প্রতিহিংসা বলব না।

টাইম; নিজের নিরাপত্তা নিয়ে আপনি কি চিন্তিত?

ড. ফখরুদ্দীন: না, সততার সঙ্গে বলছি, আমি মোটেই হুমকি বোধ করছি না।

টাইম: অবসরে কী করেন?

ড. ফখরুদ্দীন: কাজ যদি আনন্দদায়ক না হয়, তাহলে সেটাকে বোঝা মনে হয়। আমি কাজে আনন্দ পাই, এমনকি যদি দীর্ঘ সময় ধরে কিংবা ছুটির দিনেও করতে হয়। এর মাঝে স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করি। মাঝে মাঝে সিনেমাও দেখি। কিন্তু এখন সরকারের নানা কাজকর্ম অথবা দেশের সমস্যা নিয়ে আয়োজিত টকশোই বেশি দেখি।