২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুরে ৩শ বছরের পুরনো শিলালিপি উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারিঘাটে দেব মন্দিরের জমিতে মাটি খুঁড়তে গিয়ে বৃহস্পতিবার রাতে প্রায় তিনশ বছরের পুরনো একটি শিলালিপি পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

শিলালিপিটি দেখতে শুক্রবার দিনভর শত শত মানুষ মন্দিরে ভিড় জমান।

এলাকাবাসী জানায়, জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের সারিঘাটের ঢুপি গ্রামে অষ্টপ্রহর হরিণাম সংকীর্তনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। কীর্তন চলার সময় বৃষ্টি হলে আশপাশের এলাকায় পানি জমে যায়।

এই পানি সরাতে নালা খনন করার সময় পাওয়া যায় শিলালিপিটি।

এর বয়স প্রায় তিনশ বছর। গায়ের লেখা থেকে বোঝা গেছে এটি ১৭১৯ সালে তৈরি। শিলালিপিটি দৈর্ঘ্যে ২২ ইঞ্চি এবং প্রস্থে ১০ ইঞ্চি। এর ওজন প্রায় ৩৫ কেজি।

শিলালিপির বিবরণী লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। মন্দির সংশ্লিষ্টরা দাবি করেছেন, শিলালিপির গায়ে ‘ওঁং নম শিবায়’ লেখা রয়েছে। এর বাইরে আর কিছু তারা বুঝতে পারেননি।

শিলালিপি দেখতে শুক্রবার শত শত মানুষ ভিড় করেন ঢুপি গ্রামের  রামেশ্বর মন্দিরে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ--বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল বিশ্বাসও ঘটনাস্থলে যান।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, শিলালিপিটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য এলাকার লোকজন এটি স্থানীয়ভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। রামেশ্বর মন্দিরের পূজারী নিখিল চক্রবর্ত্তী জানান, একটি মন্দির স্থাপন করে এটি সংরক্ষণ করা হলে তারা এর তত্ত্বাবধান করবেন।