বিশ্বের দীর্ঘতম সৈকতে হাঁটছেন শত শত মানুষ
- পাহাড়, সমুদ্রবেষ্টিত বিশাল বালুকাময় সৈকত ধরে হাঁটছেন কয়েক শ মানুষ, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। ‘সময় আজ জেগে ওঠার’ শ্লোগান নিয়ে প্রথমবারের মতো এই হাঁটা কর্মসূচিতে অংশ নিচ্ছেন কমপক্ষে ৫০০ মানুষ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় টেকনাফের জাহাজঘাটায় ১০০ কিলোমিটার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।
তিনদিনের এই ওয়াকাথনের নাম দেওয়া হয়েছে ‘লংগেস্ট বীচ চ্যালেঞ্জ ২০০৭’। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সঙ্গে পরিচয় ঘটানো এবং যুবসমাজকে শারীরিক সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে কক্সবাজারে এই কর্মসূচির আয়োজন করছে ‘অ্যাকটিভেট বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
উদ্বোধন করতে গিয়ে উপদেষ্টা তপন চৌধুরী বলেন, “১০০ কিলোমিটার ওয়াকাথনের আয়োজন আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপনকারী আয়োজন। পর্যটন শিল্প প্রসারে এবং বিশ্বের সামনে দীর্ঘতম সৈকতকে পরিচয় করিয়ে দিকে এটি ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করি।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেপসি বাংলাদেশের মার্কেটিং ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ আহমেদ, এইচআরসির নির্বাহী পরিচালক মো. ইদ্রিস, মা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক জহিরুদ্দিন মাহমুদ,প্রথম আলোর উপ সম্পাদক আনিসুল হক, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং রুবাবা দৌলা মতিন, অভিনেতা আফজাল হোসেন, প্রকল্প সমন্ব^য়কারী ডা. অনুপম হোসেন ও অ্যাক্টিভেট বাংলাদেশের চেয়ারম্যান মে. জে. (অব.) আনোয়ার হোসাইন বীরপ্রতীক।
আয়োজকরা জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রথমদিনের হাঁটা শেষ হবে। সেই অনুযায়ী প্রথমদিনে টেকনাফ থেকে ১৮ কিলোমিটার দূরে জাহাজপুরায় ও ২১ কিলোমিটার দূরে শামলাপুরে দুটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ওই ক্যাম্পেই অংশগ্রহণকারীদের থাকা -- খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় দিন ২৪ মার্চ পাটুয়ারটেক ও ইনানী বীচে ক্যাম্প থাকবে এবং ২৬ মার্চ কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে ওয়াকাথন শেষ হবে।
এর আগে বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাবে মেজর জেনারেল (অব.) আনোয়ার হোসাইন সাংবাদিকদের জানান, অংশগ্রহণকারীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরা হলেন ফাস্ট ওয়াকার ও স্লো ওয়াকার।
তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার জন্য বীচের দুপাশে ৫০০ মিটার পরপর নিরাপত্তা বাহিনী এবং এক কিলোমিটার পরপর তল্লাশি চৌকি রাখা হয়েছে। এতে থাকছে ডাক্তার এবং খাবার ও পানীয়ের ব্যবস্থা।
আনোয়ার হোসাইন বলেন, “বাংলাদেশের তরুণরা শিক্ষিত হচ্ছেন, উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছেন, কিন্তু নিজেকে শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলছেন না, করে রাখছেন ‘ইনএ্যাকটিভ’। আমরা জাতি হিসেবে ‘ইনঅ্যাকটিভ’ হিসেবেই গড়ে উঠছি।”
অ্যাকটিভেট বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী ডা. অনুপম হোসাইন জানান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রেজিস্ট্রেশনকারীদের মধ্য থেকে ৫০০ তরুণ-- তরুণীকে বাছাই করা হয়েছে। তারা প্রতি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে ২৫ মার্চ বিকাল ৪ টায় কক্সবাজার পৌঁছাবেন। কক্সবাজারের কলাতলী পয়েন্টে গিয়ে এই ওয়াকাথন শেষ হবে। ২৬ মার্চ সকালে আরও ১০ কিলোমিটার ‘ফান ওয়াক’ এর আয়োজন করা হবে এবং তা থাকবে সবার জন্য উন্মুক্ত।
অনুপম হোসাইন আরও জানান, ১০০ কিলোমিটার বীচ ওয়াকাথনে অংশগ্রহণকারীদের মধ্যে টেকনাফ থেকে কক্সবাজার পয়েন্টে পৌঁছা প্রথম ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। তাদের জন্য থাকবে পদক ও পুরস্কার। তাছাড়া সব অংশগ্রহণকারীই পাবেন সনদপত্র।
