চারটি সরকার আমলেও বাস্তবায়ন হয়নি মিরপুর বেনারসি প্রকল্প
প্রকল্প হাতে নেওয়ার পর ২০ বছরে চার চারটি সরকার পার হয়েছে। দুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুই সরকার প্রধান। কিন্তু ভাষাণটেকের ‘মিরপুর বেনারসি পল্লী’ স্বপ্নের দিনগোনা তাঁতিদের মাঝেই আছে, বাস্তবে নেই!
বাংলাদেশ তাঁত বোর্ড জমির আবেদন বাবদ তাঁতিদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে বসে আছে অনেকদিন হল। কিন্তু প্রকল্পের অনুমোদন এবং জমি কোনোটাই পাননি তারা। তাঁত বোর্ড বলতে পারছে না কবে নাগাদ শুরু করতে পারবে প্রকল্পের কাজ। কবে বুঝিয়ে দেওয়া হবে জমি।
মিরপুরের বেনারসি তাঁতিদের উন্নয়নের জন্য ভাষাণটেকে “মিরপুর বেনারসি পল্লী” প্রকল্পর কাজ প্রথম নেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে। তিনি ভাষাণটেকে প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১৯৮৬ সালে। কোনো কাজ শুরু হওয়ার আগেই ক্ষমতা থেকে বিদায় নিতে হয় তাকে।
এরপর ১৯৯২ সালে বাংলাদেশ তাঁত বোর্ড “মিরপুর বেনারসি পল্লী” নামেই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হাতে নেয়। দুবছর পর ১৯৯৪ সালে দ্বিতীয়দফা প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একনেকে অনুমোদিত হয় একই বছরের ২৩ নভেম্বর।
প্রকল্পের বাস্তবায়ন কাল ধরা হয় ১৯৯৫ সালে জুন থেকে ২০০২। এজন্য তারা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে ১১ কোটি ৩৫ লাখ টাকা দিয়ে ৪০ একর জমিও কেনে। গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকল্পের বেশ কিছু জায়গায় মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজও করে।
এবার প্রকল্প শুরুর বছরখানেকের মধ্যে ক্ষমতা থেকে বিদায় নেয় বিএনপি সরকার। ওই প্রকল্প এলাকায় সহস্রাধিক মানুষ বস্তি গড়ে তুলে বসবাস শুরু করে।
১৯৯৬ সালে ক্ষমতার পালাবদলে আসে আওয়ামী লীগ সরকার। এ আমলে পূর্তমন্ত্রী আফসার উদ্দিনের নির্দেশে গৃহায়ণ কর্তৃপক্ষ বস্তিবাসীদের উচ্ছেদ শুরু করলে আদালতের নিষেধাজ্ঞা জারি হয়। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বস্তিবাসীদের পক্ষে মামলা দায়ের করেন অ্যাডভোকেট সাহারা খাতুন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। থেমে যায় কাজ।
২০০১ সালে বিএনপি চারদলীয় জোট করে পুনরায় ক্ষমতায় এলে বেনারসি তাঁতিরা আবার আশাবাদী হয়ে ওঠেন। চারদলীয় জোটের ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের কর্মসূচিতে বেনারশি প্রকল্প বাস্তবায়ন করার অঙ্গীকার করা হয়। অথচ পাঁচ বছরেও তারা কোনো উদ্যোগ নেয়নি প্রকল্প বাস্তবায়নের।
বেনারসি তাঁতি সমিতির নেতারা বিভিন্ন সময় প্রকল্প বাস্তবায়নের জন্য জোট সরকারের বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন, শাহজাহান সিরাজ এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে অনুরোধ করলেও তা আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।
এদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ১২ বছরেও বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থ্ াকরতে না পারায় নিষ্পত্তি হয়নি মামলার।
অন্যদিকে পরিকল্পনা কমিশন দীর্ঘদিনেও বেনারশি পল্লী প্রকল্প অনুমোদন দেয়নি। পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে সর্বশেষ চিঠি পাঠায় ২০০৬ সালের ২৭ ডিসেম্বর। কিন্তু কমিশন সরকারের ‘অর্থ--সীমাবদ্ধতার’ অনুমোদন দেয়নি।
বাংলাদেশ তাঁত বোর্ড প্রকল্পের অনুমোদন এবং প্রকল্পের জমি বুঝে না পেলেও ১৯৯৫ সালের মধ্যেই প্রকল্পের প্লটের জন্য আবেদন বাবদ তাঁতিদের কাছ থেকে এক কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা জমা নেয়। প্লট পাবার আশায় ১৮৬৭ জন আবেদন করেন। প্রত্যেকে জমা দেন ১০ হাজার টাকা।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী তাঁতিরা তিন শতাংশ করে জমি পাবে। সেই জমিতে তারা তাঁত চালাবে ও বসবাস করবে। প্রথম পর্যায়ে প্রকল্প ব্যয় ধরা হয় ২৪ কোটি ৪২ লাখ টাকা। পরবর্তী সময়ে সংশোধন করে নির্ধারণ করা হয় ২৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। ৪০ একর জমিতে মোট প্লটের সংখ্যা ছিল ৯০৬টি। প্রতি প্লটের এককালীন মূল্য ২ লাখ ১২ হাজার টাকা। মাসিক কিস্তি ২৮১৭ দশমিক ৬৬ টাকা। কিস্তি পরিশোধের মেয়াদ ২০ বছর।
২০ বছর পার হলেও প্রকল্প বাস্তবায়ন হল না কেন-- এ প্রশ্নের জবাবে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু জাফর গত সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি এসেছি দুই মাস। যতদূর জানি পরিকল্পনা কমিশন আমাদের প্রকল্পের অনুমোদন দেয়নি। আর গৃহায়ণ কর্তৃপক্ষ এখনো আমাদের জমি বুঝিয়ে দেয়নি।”
বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান (পরিকল্পনা ও বাস্তবায়ন) ড. এম এ আজিম জাহাঙ্গীর নফহবংি২৪.পড়স কে বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আমাদের জমি বুঝিয়ে না দিলে আমরা কী করবো? হাইকোর্টে বস্তিবাসীদের উচ্ছেদ স্থগিতাদেশ বাতিলের জন্য আমাদের আবেদনের শুনানি বারবার পিছিয়ে গেছে। তাছাড়া পরিকল্পনা কমিশনের কিছু অযোগ্য কর্মকর্তার কারণেও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না।
তিনি বলেন “আমরা এই সরকারের আমলে বস্তিবাসীদের উচ্ছেদ করে প্রকল্প বাস্তবায়ন করতে চেষ্টা করছি।”
মিরপুরের বেনারসি তাঁতি ও তাঁত মালিকরা অবিলম্বে প্রকল্পের বাস্তবায়ন চান। মিরপুরের ২নং ওয়ার্ডের বেনারসি ‘প্রাথমিক তাঁতি সমিতি’র সাধারণ সম্পাদক আখতার হোসেন দুঃখ করে নফহবংি২৪.পড়স কে বলেন, বিগত চারটি সরকারের কেউই আমাদের প্রকল্প বাস্তবায়ন করেনি।
তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের কাছে বেনারশি তাঁতিদের বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে তাদের জমি বুঝিয়ে দেয়ার ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। দীর্ঘদিনেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় তিনি সরকারগুলোর সদিচ্ছার অভাব এবং কিছু কিছু সরকারি কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেন।
মিরপুরের ৩নং ওয়ার্ডের বেনারশি তাঁতি ইউনুস মিয়া বলেন, বেনারসি পল্লী বাস্তবায়ন হলে আমাদের উৎপাদন যেমন বাড়বে তেমনি বিদেশি ক্রেতাও বাড়বে। দেশি--বিদেশি ক্রেতারা সরাসরি আমাদের পল্লীতে এসে ন্যায্যমূল্যে শাড়ি কিনতে পারবেন।
