২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের দুই আইনজীবী কারাগারে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দুই আইনজীবীকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বিকেলে আদালত তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:17 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দুই আইনজীবী হলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আদালতে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিনের শুনানি চলাকালে প্রথমে এজলাসে এবং পরে আদালত প্রাঙ্গণে মেয়রের পক্ষের আইনজীবীরা মিছিল বের করেন। এ ঘটনায় ওইদিনই বিকেলে এডভোকেট ইব্রাহিম হোসেন ও এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীকে সেনা ক্যাম্পে তলব করা হয়।

শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সেনা ক্যাম্পে আবার হাজিরা দিতে গেলে যৌথবাহিনী তাদের আটক করে বেলা ১টায় কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কোতোয়ালি থানা পুলিশ তাদের মহানগর হাকিম মনোয়ারুল ইসলামের আদালতে হাজির করে। এসময় তাদের জামিনের জন্য শতাধিক আইনজীবী একযোগে আবেদন জানান।  আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের চট্টগ্রাম জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

পাশাপাশি আদালত তাদের সুচিকিৎসা এবং ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে বলে বিবাদি পক্ষের আইনজীবী এডভোকেট মোস্তফা ইমরান সোহেল জানান।