২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীকে সাদা পোশাকে তদন্ত চালানোর নির্দেশ

জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয় সেজন্য আইন--শৃঙ্খলা বাহিনীকে যথাসম্ভব সাদা পোশাকে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে সরকার। শনিবার সকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপদেষ্টা নফহবংি২৪.পড়স কে জানান, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করার সময় জনমনে অহেতুক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিষয়টির ব্যাখ্যায় তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে দেখা গেছে, দুর্নীতির তালিকায় অর্ন্তভুক্ত কারো বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা বাহিনীর পোশাক পরে ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন। তাদের এ ধরনের সদর্প চলাচল জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করছে।”

এর ফলে বর্তমান সরকার সম্পর্কে জনগণের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হতে পারে বলে জানান ওই উপদেষ্টা।

এ ধরনের পরিস্থিতি এড়াতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যতটা সম্ভব সাদা পোশাকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।

আরেকজন উপদেষ্টা বলেন, “কোন নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও সর্তক থাকতে বলা হয়েছে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। অহেতুক কাউকে হয়রানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় বৈঠকে।”

গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহের বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে শনিবারই সাপ্তাহিক বৈঠকে বসবে উপদেষ্টা পরিষদ।

অবশ্য বরাবরের মতো এবারের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের কোনো ব্রিফিং দেননি। এমনকি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৈঠকের কোনো তথ্য বিবরণীও সরবরাহ করা হয়নি।

এ ব্যাপারে ফাহিম মুনেম নফহবংি২৪.পড়সকে বলেন, “বৈঠকে তেমন কোন সুনির্দিষ্ট আলোচ্যসূচি ছিল না। বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাই ব্রিফিং অনুষ্ঠিত হয়নি অথবা তথ্য বিবরণী পাঠানো হয়নি।”