চট্টগ্রামে পৃথক ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু
সীতাকুন্ড শিপ ব্রেকিং ইয়ার্ড, পূর্ব বাকখালী এবং কর্ণফুলী থানার ইছানগরে পৃথক ঘটনায় দুটি শিশুসহ পাঁচজন মারা গেছে।
সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় জিএস ট্রেডিং শিপ ইয়ার্ডে সোমবার রাতে ভারী লোহার পাতের নিচে চাপা পড়ে বেলাল উদ্দিন (২৯) এবং কামাল উদ্দিন (২৮) নামে দুই শ্রমিক মারা গেছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত লক্ষীপুর জেলার রামগঞ্জের সোহাগ (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত বেলালের বাড়ি লক্ষ্মীপুর জেলার ইসলামপুরে এবং কামালের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়।
সীতাকুন্ড থানা সার্কেলের এএসপি আবু আহমদ আল মামুন জানান, সোমবার রাতে জিএস ট্রেডিং নামের একটি শিপ ইয়ার্ডে নামবিল এন্টারপ্রাইজের একটি জাহাজ কাটার সময় ওপর থেকে ভারী লোহার পাত পড়ে গেলে তিনজন গুরুতর আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যায়।
একই থানার পূর্ব বাকখালীতে বিষ পানে নুরুল আলম (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই হাবিব জানান, সোমবার মধ্যরাতের কোনো এক সময় বিষপানের এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা যাচ্ছে।
এদিকে কর্ণফুলী থানার ইছানগরে একটি পুকুরে ডুবে সোমবার সন্ধ্যায় মারা গেছে রোজিনা (৮) ও ফাহিম উদ্দিন (৬) নামের দুটি শিশু।
মেডিকেল ও পুলিশ সূত্রে জানা গেছে, পুকুরে খেলা করার এক পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়। সোমবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
