তথ্য অধিকার আইন আমলাতন্ত্রকে সচ্ছ্ব করে
তথ্য অধিকার আইন নাগরিকদের তথ্য জানতে না দেওয়ার আমলাদের অবাধ ক্ষমতাকে হ্রাস করেছে ভারতে। এ আইন দেশটিতে গণতন্ত্র চর্চ্চার পথকে সুগম করেছে।
বাংলাদেশেও তথ্য অধিকার আইন প্রণয়নে আনোদালনরত সুশীল সমাজের প্রথম সারির ব্যক্তিবর্গের সামনে এ আইনের সুফলের কথা এভাবেই তুলে ধরলেন ভারতে তথ্য আইন প্রণয়ণের অন্যতম অগ্রদূত মায়া দারুওয়ালা।
মঙ্গলবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত ‘তথ্য জানার অধিকার আইন” শীর্ষক আলোচনায় কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিস্টিটিউট এর পরিচালক দারুওয়ালা ভারতে তথ্য আইন চর্চ্চার অভিক্ষতা বর্ণনা করেন।
তিনি বলেন, এ আইন কার্যকর হওয়ায় ভারতে সরকারি কর্মকর্তারা অনুভব করেন যে, “তথ্য প্রদান করা আমরা দায়িত্ব”।
তথ্য জানার অধিকার আইন পাশ করার আগে তিনি সরকারের তথ্য সংরক্ষন করার ব্যবস্থা উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, “সঠিকভাবে সরকারী তথ্য সংরক্ষিত না থাকলে নাগরিকরা এ আইনের সুবিধা অর্জন করতে পারবে না।”
আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার সম্পাদক মাহফুজ আনাম, টিআইবির চেয়ারম্যান মোজাফ্ফর আহমেদ, ড. বদিউল আলম মজুমদার, সাবেক কুটনীতিক ওয়ালিউর রহমান, নিউ এইজ সম্পাদক নুরুল কবির ও বার্তা সংস্থা বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি।
ভারতের তথ্য জানার অধিকার আইনের অধীনে বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকতারা সরকারি নথির বিষয় জনগনৈর কাছে প্রকাশ করতে বাধ্য। এবং তথ্য প্রদানে অস্বীকৃতির জন্য ক্ষতিপূরণেরও ব্যবস্থা রয়েছে।
মোজাফ্ফর আহমেদ বলেন, এ আইন পাশ করার জন্য নাগরিক সনদ তৈরি করা প্রয়োজন।
এ আইন পাশের জন্য বিভিন্ন দেশে নাগরিক সংগঠনগুলোর আন্দোলন করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের নাগরিক সংগঠনগুলোকে এ ব্যাপারে আরো উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত।
ভারতে দ্রুত এ আইন পাশ করার কারনে আইনের মধ্যে বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে বলেও জানিয়ে দারুওয়ালা বলেন, খসড়া আইনে দুর্বলতাগুলো ছিল।
বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে এ আইন তৈরি হওয়া প্রয়োজন জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশের বাস্তব প্রেক্ষিত বিবেচনা করেই তথ্য জানার অধিকার আইন তৈরি হয়েছে। ফলে এসব আইনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে।
গুজরাটের দাঙ্গা ও তার পরবর্তী সময়ের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সংবাদ মাধ্যমগুলো তথ্য অধিকার তাৎক্ষনিকভাবে ব্যবহার করতে না পারলেও এই অধিকার ব্যবহার করে বিভিন্ন গবেষণার মাধ্যমে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে সক্ষম হয়েছে।
