২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ভোলায় ৬টি মামলা দায়ের

ভোলা--২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের নামে বৃহস্পতিবার ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 10:44 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

হাফিজ ইব্রাহিম এবং তার সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে পাঁচটিতে ক্ষমতায় থাকাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। একটিতে রুপালী ব্যাংকের ২০০৬ সালের দু’শ ক্যালেন্ডার রেখে দেওয়ার অভিযোগ আনা হয়।

দৌলতখান থানায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা দায়ের করেন দৌলতখান থানা যুবলীগের সভাপতি গোলাম সরোয়ার ভুট্টো, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন ও ইউনুস মহাজন।

এছাড়া বোরহান উদ্দিন থানায় দায়ের করা অপর তিনটি মামলার মধ্যে ক্যালেন্ডার রাখার অভিযোগে রূপালী ব্যাংক বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক মো. শাহ আলম একটি এবং ভাংচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগ নেতা আবু তাহের ও মোজাম্মেল হক ভূঁইয়া দুটি মামলা করেন।

সবগুলো মামলাতেই সাবেক এ সাংসদকে প্রধান আসামী করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা এবং বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আজাদ মামলাগুলো দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে এসএম আজাদ বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মোট তিনটি মামলা গ্রহণ করেছি। শীগগিরই এ ব্যাপারে তদন্ত শুরু হবে।”

এদিকে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের অভিযান শুরুর পর থেকেই সাবেক এ সাংসদের আত্মীয় স্বজনরা আত্মগোপন করে আছে।