২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণগ্রহীতার বাড়ির টিন খুলে নিয়েছে গ্রামীণ ব্যাংক

রাজশাহীর তানোর উপজেলায় এক ঋণ গ্রহীতা টাকা শোধ করতে না পারায় তার বাড়ির টিন খুলে নিয়েছে গ্রামীণ ব্যাংক। উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে শামির উদ্দিনের স্ত্রী মরিয়মের ঘরের টিন খুলে নেন ঋণগ্রহণকারী সমিতির অন্য সদস্যরা। এ সময় সেখানে গ্রামীণ ব্যাংকের বিল্লী শাখার মাঠকর্মী এন্তাজ আলী উপস্থিত ছিলেন। গ্রামীণ ব্যাংক তানোরের বিল্লী শাখার ক্যাশিয়ার ওয়াহেদুল ইসলাম টিন খুলে নেওয়ার কথা স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ঋণগ্রহীতা মরিয়মের ছেলে মামুন জানান, তিনি রাজশাহীতে থাকেন। প্রায় সাত মাস আগে তানোরের বিল্লী শাখা গ্রামীণ ব্যাংক থেকে মরিয়মের নামে তার পরিবার পাঁচ হাজার টাকা ঋণ নেয়।

সাপ্তাহিক কিস্তিতে ঋণের প্রায় অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু বাকি টাকা দিতে না পেরে তার বাবা--মা এখন পালিয়ে বেড়াচ্ছেন।

এরপর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে টাকা আদায়ের জন্য সমিতির অন্য সদস্যদের চাপ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে সমিতির সদস্যরা গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী এন্তাজ আলীকে সঙ্গে নিয়ে ঋণের কিস্তি নেওয়ার অপেক্ষায় থাকেন।

দুপুরে মামুন হাজির হয়ে কোনো টাকা দিতে না পারলে এন্তাজ আলীর উপস্থিতিতে সমিতির সদস্যরা তাদের ঘরের টিন খুলে নেন। এসময় চেয়ার টেবিলও নেওয়া হয়েছে বলে দাবি করেন মামুন।

এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক বিল্লী শাখার ক্যাশিয়ার ওয়াহেদুল ইসলাম বলেন, এন্তাজ আলী শুধু কিস্তি আদায়ের জন্য গিয়েছিলেন। মরিয়ম ঋণের টাকা শোধ না করায় সমিতির অন্য সদস্যরা টিন খুলে তাদের হেফাজতে রেখেছেন।

স্থানীয় সাংবাদিক আলিফ হোসেন জানান, এন্তাজ আলীর নির্দেশেই সমিতির অন্য সদস্যরা মরিয়মের বাড়ির টিন খুলে নেয়। এরপর টিনগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে পাওনা পরিশোধ করা হবে।

এদিকে, গ্রামীণ ব্যাংক বিল্লী শাখার ব্যবস্থাপক নাজির উদ্দিনের মোবাইলে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি জানান, রাজশাহীর বাইরে থাকায় বৃহস্পতিবারের কোনো ঘটনা তার জানা নেই। অবশ্য মাস খানেক আগে সমিতির অন্য সদস্যরা একবার মরিয়মের বাড়ির টিন খুলে নিয়েছিল। সেই টিন এখনো সমিতির সদস্যদের হেফাজতে আছে।