২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে দুই বিঘা জমির পপি পুড়িয়ে দিয়েছে বিডিআর

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় দুই বিঘা জমিতে পপি চাষ করছিলেন এক কৃষক। খবর পেয়ে বুধবার মেজর আশরাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিডিআর সদস্যরা জমিটি ঘিরে ফেলেন এবং পুড়িয়ে দেন জমিতে চাষ হওয়া সব পপি গাছ। এই ঘটনায় কিছু আলামত জব্দ করে জমিটির কৃষক সিরাজুল ইসলামকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বিডিআর ও পুলিশ সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে কৃষক সিরাজুল স্বীকার করেছেন, ভারতের নদীয়া জেলার বিষ্টুগঞ্জ গ্রামের আশরাফের প্রলোভন পড়ে এবারই প্রথম পপির চাষ করেছিলেন তিনি। ভারতীয় ওই নাগরিকই তাকে অল্প মূল্যে বীজ সরবরাহ করে।

সিরাজুল দাবি করেন, দুই বিঘা জমিতে পপি চাষ করলেও তিনি জানতেন না এ থেকে হেরোইন তৈরি হয়।

তিনি আরও জানান, গত বছর শসা চাষ করে ২০ হাজার টাকা লোকসান হওয়ায় তিনি পপি চাষে উদ্বুদ্ধ হন। ভারতীয় ঐ নাগরিক তাকে এর বদৌলতে ৫০ হাজার টাকা দেবে বলেছিল। জমি চাষে তার খরচ হয় দুই হাজার টাকা।

মেজর আশরাফ জানান, জব্দ করা পপি গাছ থেকে আনুমানিক সাত কোটি টাকার হেরোইন উৎপাদন হতো। আবার এ গাছের ছোট বীজ প্রক্রিয়াকরণ করলে পোস্তদানা হয়। যা লোকজন খায় এবং খুবই দামী। আবার এই পপির নির্যাস থেকে প্রথমে আফিম ও পরে প্রক্রিয়াকরণের মাধ্যমে হেরোইন ও কোকেন তৈরি হয়।