ঘুষ নেওয়ার সময় শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার
-ঘুষের টাকা নেওয়ার সময় যৌথ বাহিনী হাতে নাতে গ্রেপ্তার করেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার বেগমকে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে সদর উপজেলার শিক্ষা অফিসের সামনে গ্রেপ্তার হন তিনি। এসময় ঘুষ হিসাবে আদায় করা এক হাজার টাকাও জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা জানান, প্রাথমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার সদর উপজেলার আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা ইরানী বেগমকে চলতি বছর পিটিআইতে প্রশিক্ষণে পাঠানোর সুপারিশ করেন।
এজন্য শিক্ষিকা ইরানি বেগমের কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন শামছুন্নাহার। গত দুই মাসেও ঘুষের টাকা না দেওয়ায় শিক্ষা কর্মকর্তা নানা অজুহাতে ইরানী বেগমের বেতন বন্ধ করে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
বেতন পাওয়ার জন্য ইরানী বেগমের স্বামী স্থানীয় শহীদ স্মৃতি কলেজের শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুধবার ঘুষের এক হাজার টাকা নিয়ে শিক্ষা অফিসারকে দেন।
এ সময় সেখানে সাদা পোশাকে উপস্থিত যৌথ বাহিনীর সদস্যরা শামছুন্নাহারকে হাতে নাতে গ্রেপ্তার করেন। তার ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ওই টাকা জব্দ করা হয়।
পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহের বাকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর শিক্ষা অফিসার শামছুন্নাহার সাংবাদিকদের বলেন, তিনি ঘুষ চাননি। জোর করেই তার ব্যাগে প্রভাষক মনিরুজ্জামান ওই টাকা ঢুকিয়ে দিয়েছেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
