২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের বেনারসি তাঁতিরা ভাল নেই

রাজধানীর মিরপুরের আবুল কাশেম এখন মাদকাসক্ত। ছেলে---মেয়ের লেখাপড়াও দুইবছর ধরে বন্ধ। এক সময় তার নিজের বেনারসি শাড়ি তৈরির কারখানা ছিল। তিনবছর আগেও নিজের কারখানার শাড়ি এবং অন্য তাঁতিদের শাড়ি কিনে বিক্রি করতেন আবুল কাশেম। কিন্তু অনবরত দেনা এবং অব্যাহত লোকসানের ফলে এখন পুরোপুরি নিঃস্ব তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 01:33 AM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মিরপুরের আব্দুল জলিল মাদকাসক্ত না হলেও এখন রিকশা চালাচ্ছেন। বছর তিনেক আগেও তার হাতে ফুটে উঠতো নিপুণ বেনারসি শাড়ি।

মিরপুরের বেনারসি পল্লীগুলো এখন বিমর্ষ। আনন্দ হয়ে বাজে না তাঁতের খুটখাট শব্দ। পাঁচ বছর আগে যা ছিল, এখন তার অর্ধেক তাঁতও নেই।

নফহবংি২৪.পড়স---এর অনুসন্ধানে জানা গেছে, কাঁচামালের মূল্য বৃদ্ধি, ভারতীয় শাড়ির আধিপত্য, শাড়ি বিক্রয়ে অনিশ্চয়তা, নকল বেনারসি শাড়ির ছড়াছড়িসহ সরকারের অবহেলায় সম্ভাবনাময় মিরপুর বেনারসি এখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং বেনারসি শিল্পের কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি বেনারসি তাঁতিদের শ্রম মূল্য। সময়মতো পারিশ্রমিক জোটে না অনেক শ্রমিকের।

অথচ সংশ্লিষ্টরা বলছেন, এই বেনারসি শিল্পের জন্য সরকার উদ্যোগ নিলে ব্যাপক কর্মসংস্থানসহ বিদেশে বেনারসি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

কাঁচামালের মূল্য বৃদ্ধি

বেনারসি শিল্পের প্রধান কাঁচামাল সুতা ও তানিসহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে  আন্তর্জাতিক বাজারে সুতার ও ডলারের মূল্য বৃদ্ধি এবং অসাধু সুতা ব্যবসায়ী চক্রের তৎপরতা। এরফলে বেড়েছে উৎপাদন খরচ। ৪০০ টাকা বান্ডিলের সুতা এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। রেয়ন সুতা দুই বছর আগে ছিল ৯৬০ টাকা কেজি, এখন তা ১০৫০ টাকা। রোলেক্স জরির ১২টার প্যাকেট আগে ছিল ৩০০ টাকা এখন তা ৪২৫ টাকা। দুই বছর আগে একটা ‘একনম্বর’ কাতান তানি পাওয়া যেত ১৪০০ থেকে ১৫০০ টাকায়। এখন দাম ২৭০০ থেকে ২৮০০ টাকা।

ভারতীয় শাড়ির দৌরাত্ম্য

ভারতীয় শাড়ির আধিপত্যে কমে গেছে বেনারসি শাড়ির বিক্রি। ঢাকা শহরের বিভিন্ন দোকানসহ মিরপুর বেনারসি পল্লীর দোকানগুলোতেও এখন ভারতীয় শাড়ির প্রাচুর্য। কয়েকবছর আগেও বিয়ের শাড়ি বলতে বোঝাত বেনারসিকেই। কিন্তু এখন সে জায়গা দখল করে নিচ্ছে ভারতীয় জর্জেট শাড়ি।

ভারতীয় শাড়ির জনপ্রিয়তার কারণ হিসেবে বসুন্ধরা সিটির শাড়ি বিক্রেতা টিপু আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেন, ‘ভারতীয় শাড়ির ডিজাইনে বৈচিত্র অনেক। বেনারসি শাড়ির ক্ষেত্রে তা হয় না।’

মিরপুরের তাঁতি আবির হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, ‘একটি বেনারসির ডিজাইন তৈরিতে খরচ হয় তিন থেকে ৩০ হাজার টাকা। আমরা অনেক কষ্টে ডিজাইন তৈরি করলেও তা নকল হয়ে যায়।’

তিনি আরো বলেন, “ভারতে শাড়ির ডিজাইন তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা এবং শাড়ি তৈরিতে উন্নত প্রযুক্তি ব্যবহৃত করা হয়। কিন্তু বাংলাদেশে সেরকম ব্যবস্থা নেই।”

বাংলাদেশ তাঁত বোর্ড ২০০২ সালে ‘জাতীয় বস্ত্র নকশা কেন্দ্র’ প্রকল্প হাতে নিলেও পরিকল্পনা কমিশনে গিয়ে বাতিল হয়ে যায়।   

মহাজনের ফাঁদে তাঁতিরা

বেনারসি বিক্রিতে রয়েছে অনিশ্চয়তা। নগদ টাকায় বিক্রি করতে চাইলে কমদামে বিক্রি করতে হয়। একটু লাভে বিক্রি করতে চাইলে ধারে বিক্রি করতে হয়। ধারের টাকা আদায় অনেক কষ্টের এবং সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। কখনো কখনো এই টাকা আদায়ই হয় না। অনেকের টাকা দীর্ঘদিন আটকে থাকে মহাজন ও দোকানদারদের কাছে।

তাঁতিদের দীর্ঘদিনের দাবি: তাঁত বোর্ডের অনুমোদিত ‘প্রাথমিক তাঁতি সমিতি’ অথবা বাংলাদেশ তাঁত বোর্ড বেনারসি বিক্রির দায়িত্ব নিক। মিরপুরের বেনারসি প্রাথমিক তাঁতি সমিতির নেতারা চান তাঁত বোর্ড তাঁতিদের কাছ থেকে ন্যায্যমূল্যে শাড়ি কিনুক।

মিরপুরের ৩নং ওয়ার্ডের ‘বেনারসি প্রাথমিক তাঁতি সমিতি’র সভাপতি আখতার হোসেন খান রবিন নফহবংি২৪.পড়স--কে জানান, তাঁত বোর্ড যদি তাঁতিদের কাছ থেকে শাড়ি কেনে তাহলে তাঁতিরা আর দ্বারে দ্বারে ঘুরবে না। মহাজনদের ফাঁদেও পড়বে না।  

তাদের দাবি যাই থাকুক, বেনারসি শাড়ি বিক্রির কোনো প্রকল্প নেই তাঁত বোর্ডের।

মিরপুরের বেনারসি কাতান নামে অন্য শাড়ি

বেনারসি কাতান শাড়ি এখন মিরপুর ছাড়াও টঙ্গী, নরসিংদী, ঈশ্বরদী, আড়াইহাজার, কিশোরগঞ্জসহ অনেক জায়গায় তৈরি হয়। এসব জায়গার তাঁতিরা  প্রতি শুক্র ও মঙ্গলবার মিরপুর ১১নং সেকশনে এসে তাদের কাতান শাড়ি বিক্রি করে। মিরপুরের দোকানদাররা এদের কাছ থেকে নগদে গড়ে ১৫০০ টাকা করে এই  শাড়ি কিনে ক্রেতাদের কাছে ‘মিরপুরের শাড়ি’ বলে চালিয়ে দেয়। এতে আসল মিরপুরি কাতান বিক্রি কমে গেছে। মিরপুরে তৈরি একনম্বর বেনারশি কাতান শাড়ি  ৩০০০ টাকার নিচে বিক্রি করা যায় না।

২নং ওয়ার্ডের কাতান তাঁত শ্রমিক মোহাম্মদ কাওসার নফহবংি২৪.পড়স--কে বলেন, “মিরপুরের বেনারসি কাতান শাড়ির সুনাম কাজে লাগিয়ে দোকানদাররা নিুমানের বাইরের কাতান শাড়ি বিক্রি করছে। এতে প্রতারিত ক্রেতা আর দ্বিতীয়বার কাতান শাড়ি কিনছেন না।”

বেনারসি তাঁতিদের উন্নয়নের জন্য ১৯৮৬ সালে মিরপুরের ভাষাণটেকে “মিরপুর বেনারসি পল্লী ” নামে একটি প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্প ২০ বছরেও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ তাঁত বোর্ড ১৯৯৪ সালে এই প্রকল্প হাতে নিলেও পরিকল্পনা কমিশনের অনুমোদন পায়নি। বেনারসি তাঁতিদের উন্নয়নের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড ঋণ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না। বেনারসি তাঁতিরা ঋণ নিতে পারলেও শাড়ি বিক্রি করে লোকসানের বোঝা বাড়ায় ঋণের টাকাও পরিশোধ করতে পারছে না।

তাঁতি আবু হানিফ মোল্লা নফহবংি২৪.পড়স কে বলেন, “ ঋণের পাশাপাশি আমরা শাড়ি বিক্রির নিশ্চয়তা চাই। চাই ন্যায্য মূল্যে সুতা। আর চাই অতি দ্রুত আমাদের বেনারসি পল্লী বাস্তবায়ন করা হোক।”