নারায়ণগঞ্জে ঘুষ নেওয়ার সময় সাংবাদিক গ্রেপ্তার
ঘুষ নেওয়ার সময় সেনা সদস্যরা বুধবার হাতে নাতে গ্রেপ্তার করেছে ‘দৈনিক আজকের নারায়ণগঞ্জ’ এর সম্পাদক তোফাজ্জল হোসেনকে।
অপরদিকে র্যাব-১১ এর সদস্যরা গ্রেপ্তার করেছে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি ও যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে। তাকে বুধবার বেলা সাড়ে বারোটায় নগরীর টানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সেনা সূত্র জানায়, বন্দর উপজেলার বাসিন্দা ঠিকাদার আবদুর রশীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তোফাজ্জল হোসেন ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। নারায়ণগঞ্জ থানার বিপরীতে র্যালী রিভারভিউ কমপ্লেক্সের একটি অফিসে বসে ঠিকাদার আবদুর রশীদের কাছ থেকে ঘুষের অগ্রিম পাঁচ হাজার টাকা নেওয়ার সময় সেনা সদস্যরা তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।
জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার প্রসঙ্গে র্যাব সূত্র জানায়, দেশের সুতা ব্যবসায় জাহাঙ্গীর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল। সন্ত্রাসী লালন ছাড়াও ব্যবসায়ী বিশেষ করে সংখ্যালঘু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। র্যাব হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
