উদ্ধারকাজ চালাতে ২৬ কোটি ৬৫ লাখ টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত
ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য ২৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩৩ ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি যন্ত্রপাতি কেনা সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ১২ মার্চের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করবে।
বৈঠক শেষে উপদেষ্টা তপন চৌধুরীর সাংবাদিকদের বলেন, “প্রথম পর্যায়ে ২৬ কোটি ৬৫ লাখ টাকার যন্ত্রপাতি আনা হচ্ছে। পরবর্তী পর্যায়ে আরো প্রায় ১০০ কোটি টাকার সরঞ্জাম ও যন্ত্রাপাতি কেনা হবে।”
তিনি আরো বলেন, “এসব যন্ত্রপাতি দ্রুত কেনার জন্য আজকের বৈঠকে সশস্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপন ব্যুরো এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যন্ত্রপাতি কেনা সংক্রান্ত প্রস্তাব ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানোর আগ পর্যন্ত যেসব প্রক্রিয়া রয়েছে তা সম্পন্ন করবে এ কমিটি।
প্রায় দুবছর আগে জোট সরকারের আমলে এসব উদ্ধার সামগ্রী কেনার সুপারিশ করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি।
