ক্ষমতায় গেলে এ সরকারের সব কাজের বৈধতা দেবে আওয়ামী লীগ
আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে। এক মাসের জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার আগে একথা বলেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
হাসিনা বলেন, “আজকে তারা মহা চোর ধরেছে, দুর্নীতিবাজদের ধরেছে। ক্ষমতায় আসলে নিশ্চয়ই আমরা ‘রেটিফাই’ করবো, আমাদের অসুবিধা কি? আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু গণতন্ত্রটা তাড়াতাড়ি দিয়ে দিক।”
জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। বৃহস্পতিবার ভোরে হাসিনা বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন।
নির্বাচনী সংস্কার করতে দেরি হচ্ছে অভিযোগ করে হাসিনা বলেন,“সংস্কার আরো দ্রুত করা উচিত। দেরি হচ্ছে কেন? দ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে দিক এটাই সকলে চায়। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত।”
নির্বাচনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন,“গণতন্ত্র রক্ষা করতে হলে নির্বাচন প্রয়োজন। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নতি হতে পারে না। আর অর্নিদিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ করে রাখা ঠিক না। মানুষ আন্দোলন করেছে নির্বাচনের আকাঙ্খায়।”
নির্বাচন দিতে দেরি হলে মানুষ হতাশ হয়ে যেতে পারে বলে মনে করিয়ে দিয়ে হাসিনা বলেন, “হতাশা থেকেই বিক্ষোভের জন্ম নেয়।”
বিষয়টি ব্যাখ্যা করে হাসিনা বলেন, “এ সরকার জনগণের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পেরেছে বলে প্রশংসা পাচ্ছে। এই প্রশংসা থাকতে থাকতেই তারা যদি একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা এনে দেয় তা সকলের জন্যই মঙ্গল। এটা না করে আরো দেরি করলে একটা পর্যায়ে মানুষ প্রথমে হবে হতাশ। আর একবার হতাশার সৃষ্টি হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে যাবে।”
অনির্দিষ্টকালের জন্য হাসিনা দেশের বাইরে চলে যাচ্ছেন এ আলোচনাকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে হাসিনা বলেন, “প্রশ্নই ওঠে না। অর্নিদিষ্টকালের জন্য আমি যাবো কেনো? আর তেমন কোনো সংকট দেখা দিলে সঙ্গে সঙ্গে চলে আসতে পারবো।”
তিনি বলেন, কোনো একটা মহল থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তিনি দাদী হয়েছেন। প্রথম সন্তানের জনক হয়েছেন সজীব ওয়াজেদ জয়। সুতরাং মা হিসেবে তারও কিছু কর্তব্য আছে।
নাতি হওয়ার সময় দেশে বিরাজমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে তিনি দাদী হিসেবে নিজের কর্তব্য পালন করতে পারেন নি। তখন দেশ ও জনগণের প্রতিই তার কর্তব্য ছিলো সবচাইতে বড়। ওই সময়ে তিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলনে ব্যস্ত ছিলেন। এখন পুত্রবধু ক্রিস্টিন ওভারমায়ার আরও অসুস্থ অবস্থায় রয়েছেন। ৭ মার্চ তার গলব্লাডারে অস্ত্রোপচার হয়েছে। বিভিন্ন ধরনের কিছু জটিলতা দেখা দেওয়ায় তার পুত্রবধু আট দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসিনা বলেন, এসময় তাকে তার প্রিয় পুত্রবধুর পাশে দাঁড়াতে হবে। এটা তাঁর কর্তব্য।
খালেদা জিয়া ও তার ছেলেদের প্রসঙ্গে হাসিনা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো তিনি এনেছিলেন সেগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। অথচ এসব কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল।
তিনি বলেন, জনগণ এখনও জানে না তাদের কী পরিমাণ অর্থ সম্পদ লুট করা হয়েছে। বিদেশে তারেক রহমানের যে ব্যাংক একাউন্টগুলো রয়েছে সেগুলোতে কী পরিমাণ অর্থ রয়েছে তাও এখনও বলা হয়নি।
হাসিনা অভিযোগ করেন, চার দলীয় জোট রাজনৈতিক দুর্বৃত্তায়ন চালু করেছিল। অনেকে মনে করতো আওয়ামী লীগ রাজনৈতিক কারণে চার দলীয় জোটের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের অভিযোগ করতো। কিন্তু এখন এগুলো সত্য প্রমাণিত হয়েছে।
হাসিনা বলেন,“আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেদিন আমার বাড়ির প্রত্যেকটি ঘরে গেছে। আমার প্রশ্ন হলো, ছয় মইনুল রোডের প্রতিটি কামরায় যাওয়া হলো না কেনো ? সেখানে গিয়ে দেখুক, এতো অর্থ সম্পদ কোথা থেকে আসলো ? আমার ঘর তল্লাশি হয়, ওই বাড়ি হবে না কেনো ?”
হাসিনা বলেন, “বর্তমান যৌথ বাহিনী যা করছে বহুদিন মানুষের একটা আকাঙ্খা ছিলো-- চোর ধরা হোক। যৌথ বাহিনী যা করছে তাতে জনগণের আশা আকাঙ্খারই প্রতিফলন ঘটছে। এখন তো চোরগুলো ধরা পড়ছে। আর জনগণের সম্পদ যারা এভাবে পাচার করে দিয়েছে তাদের তো ধরতেই হবে। আবার ব্যালেন্স করার জন্য কিছু ধরা হচ্ছে সেটাও ঠিক না।”
তিনি জানতে চান ওবায়দুল কাদের ও মহিউদ্দিন চৌধুরির বিরুদ্ধে দুর্নীতির কী অভিযোগ পাওয়া গেছে।
হাসিনা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে অনেকেই বেকার হয়েছে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ইতিমধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে। একইসঙ্গে দ্রব্যমূল্যও জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এর আগে শেখ হাসিনা ভোর পৌণে পাচঁটায় বিমানবন্দরে আসেন। বিমান বন্দরে আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতাদের মধ্যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, সাবের হোসেন চৌধুরী, ফারুক খান, ডা. দিপু মণি, লতিফ সিদ্দিকি দলীয় সভানেত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
বিমানে ওঠার আগে হাসিনা বলেন,“আমারও দেশ ছেড়ে বেশি দিন বাইরে থাকতে ইচ্ছা করে না। যত দ্রুত সম্ভব ফিরে আসবো।”
