জরুরি ক্ষমতার অধীনে আটক তারেকের জামিনের শুনানি ৪ এপ্রিল
জরুরি ক্ষমতা অধ্যাদেশের অধীনে আটক তারেক রহমানের জামিনের আবেদনের শুনানি হবে আগামি ৪ এপ্রিল।
জামিন আবেদনের গ্রহনযোগ্যতা শুনানি শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ মমিন উল্লাহ শুনানির এ দিন ধার্য করেন। (আরও তথ্যসহ)
প্রসঙ্গত, একই আদালতে আগামী ১৯ মার্চ তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় জামিন আবেদনের জন্য মূল শুনানি অনুষ্ঠিত হবে। গত সোমবার বিচারক ওই তারিখ ঠিক করেন।
৭ মার্চ গভীর রাতে সেনানিবাসের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেককে গ্রেপ্তার করা হয়। পরদিন মহানগর হাকিম আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান।
রাজধানীর গুলশান থানায় গত আট মার্চ তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন মোঃ আমিন আহমেদ।
তারেক রহমানের আইনজীবী মোঃ সানাউল্লাহ মিয়া সহ কয়েকজন আইনজীবী জামিন আবেদনের মূল শুনানির তারিখ এগিয়ে ১৯ মার্চ নির্ধারণের জন্য বার বার অনুরোধ করলেও বিচারক তাদের অনুরোধে সাড়া দেননি।
জামিনের আবেদনে বলা হয়, তারেক রহমানের ভাবমূর্তি, রাজনৈতিক ক্যারিয়ার, পারিবারিক ঐতিহ্য ধ্বংস সহ দেশ ও বিদেশে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
প্রসঙ্গত গত ৮ মার্চ ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মামুন আল রশিদ এ মামলায় তারেকের জামিন আবেদন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবারও এ মামলায় জামিন আবেদন করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বরে তারেক রহমানের দায়ের করা পৃথক তিনটি মানহানি মামলায় বিচার বিভাগীয় তদন্তের জন্য তারেকের পক্ষে বৃহস্পতিবার সকালে সময় চাওয়া হয়। ঢাকার সিএমএম আদালতের তিন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, এ বি এম আবুল ফাত্তাহ ও আবদুর রউফ খান ৬ মে ঐ তিন মামলায় বিচার বিভাগীয় তদন্তের জন্য দিন ধার্য করেন।
