মধ্যরাতে টিএসসিতে উৎসবের আমেজ
জরুরি অবস্থার মধ্যে মিছিল করা নিষিদ্ধ। কিন্তু এমন আনন্দের দিনে সেই নিষেধাজ্ঞা শুনবে কে? তাই প্রস্তুতি চলছিল সন্ধ্যা থেকেই। বিশ্বকাপে ভারতকে হারানোর পর রোববার ভোররাতে মিছিলে মিছিলে কেঁপে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র--শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন এলাকা।
ম্যাচের তৃতীয় আর সপ্তম ওভারে মাশরাফির জোড়া আঘাতের পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ক্রিকেটের মাঠে হাবিবুলদের বড় কিছু করা মানেই উৎসবের আয়োজনে মেতে ওঠা টিএসসি এলাকার। হাবিবুলদের কল্যাণে আরো একবার সেই উৎসবের রঙে রাঙ্গালো টিএসসি।
টিএসসির ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। সেখানে যারা খেলা দেখছিলেন, তারা সন্ধ্যা থেকেই একটু একটু করে প্রস্তুতি নিচ্ছিলেন উৎসবের। প্রস্তুতি চলছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও। রাত তিনটা ১৫ মিনিটে মুনাফ প্যাটেলের বলে মুশফিকুর রহিম জয়সূচক রানটি নিতে না নিতেই শুরু হয়ে যায় সেই উৎসব। রঙে আর বাজনায় হল থেকে আসা আনন্দমিছিলগুলো সব মিলেছে টিএসসিতে এসে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে সারা ঢাকা শহর থেকেও আসছিল মানুষের ঢল। সবমিলিয়ে অন্তত হাজার পাঁচেক মানুষ ছিলেন এই উৎসবে। সন্ধ্যা থেকে যারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা সঙ্গে এনেছেন ফুল, রঙ আর বাদ্য-বাজনা ; যারা পারেননি, তাদের কেউ এনেছেন থালাবাটি, কেউবা নিজেদের গাড়ি আর মোটরবাইকের হর্নকেই বানিয়েছেন আনন্দ প্রকাশের ভাষা!
মধ্যরাতে এমন উৎসবের খবর পাওয়া গেছে দেশের অন্যান্য স্থান থেকেও। পটুয়াখালী থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানিয়েছেন উৎসবে মেতে উঠেছে দক্ষিণের এই জেলা শহরও।
এমন খবর পাওয়া গেছে লন্ডন থেকেও। বাংলাদেশে মধ্যরাত হলেও লন্ডনে তখন সবে সন্ধ্যা, আর সেই সন্ধ্যাকে উৎসবের সন্ধ্যা করে তুলেছেন প্রবাসী বাঙালিরা।
