বঙ্গবন্ধুর ৮৮তম জন্মদিন
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৮ তম জন্মদিন পালিত হচ্ছে শনিবার।
১৯২০ সালের এদিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
প্রতিবারের মত এবারও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও অন্যান্য নেতারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিবসটির বিভিন্ন কর্মসূচির সূচনা করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা চারটায় দোয়া মাহফিল।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ফখরুদ্দীন আহমদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া টুঙ্গিপাড়ায় নেওয়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বাদ জোহর দোয়া মাহফিল।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শুক্রবার এক বিবৃতিতে বঙ্গবন্ধুর জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশব্যাপীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু লেখক পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
