২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার হোসেন মঞ্জুর আগাম জামিন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে রোববার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:39 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

একইসঙ্গে আদালত এ মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ দেখাতে সরকারের প্রতি রুল জারি করেছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রোববার আনোয়ার হোসেন মঞ্জু হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান।

আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

সরকার পক্ষে আবেদনের বিরোধিতা করেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।

গত ৮ মার্চ রাতে আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসা থেকে ২১ বোতল মদ, ৯ লক্ষ ১০ হাজার টাকা, ১৯ টি চেক বই ও একটি নকিয়া মোবাইল সেট উদ্ধার করে যৌথবাহিনী।

এ ঘটনায় পুলিশের এসআই মোশতাক হোসেন বাদী হয়ে ১২ মার্চ ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।