২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য নেই দুদকে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করার মতো কোনো তথ্যই নেই দুর্নীতি দমন কমিশনের কাছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার বিকেলে কমিশনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন কমিশনার আবুল হাসান মনযুর মান্নান।

তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “এ বিষয়ে কোনো তথ্য আমাদের হাতে নেই। তবে মামলা দায়ের করার মতো প্রয়োজনীয় উপাদান পেলে নিশ্চয়ই কমিশন মামলা করবে।”

তিনি আরও বলেন, “স্থাবর--অস্থাবর সম্পত্তির বিবরণে মিথ্যা তথ্য দেওয়া এবং আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের অভিযোগে রোববার আরও ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে কমিশন।”

মনযুর মান্নান বলেন, “কমিশনের কাজে গতিশীলতা বাড়ানোর জন্য অভিযোগ, অনুসন্ধান ও তদন্তসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ লোকবল নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা কমিশনই তৈরি করে, না অন্য কোথাও থেকে সেটা সরবরাহ করা হয়-- সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “তালিকার বিষয়ে একটি গ্র“প কাজ করছে।”

সারাদেশ থেকে কমিশনে হাজার হাজার অভিযোগ জমা পড়ার পরিপ্রেক্ষিতে কমিশন কী দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবে-- এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “৩৫ বছরের পুঞ্জিভুত সমস্যার সমাধান এতো সহজেই হবে না। সেজন্য একটু সময় প্রয়োজন। আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে।”

সম্পত্তির হিসাব জমা না দেওয়া ১৫ জনের মালামাল বাজেয়াপ্ত করা প্রসঙ্গে মনযুর মান্নান সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে আইনগত জটিলতা থাকায় একটু সময় লাগছে। তা ছাড়া মালামাল বাজেয়াপ্ত করার পর সেগুলো রক্ষণাবেক্ষণের বিষয়টাও দেখতে হবে।”