তিন দিনের সফরে ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব
কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড ম্যাকইনেন তিন দিনের সফরে সোমবার ঢাকা আসছেন।
সফরের সময় তিনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিং --এ পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর কমনওয়েলথ মহাসচিব একে সমর্থন জানিয়েছেন। এছাড়া তিনি পুনর্গঠিত নির্বাচন কমিশনকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব করেন। বর্তমান সরকার সেই লক্ষ্যেই যে কাজ করছে তা মহাসচিবকে জানানো হবে।
ম্যাকেইনেনের সফর কমনওয়েলথ ও বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
