২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষণা দিয়েও মামলা করতে পারেনি দুদক

দাখিল করা সম্পত্তির হিসাবে তথ্য গোপন করার অভিযোগে সন্দেহভাজন দুর্নীতিবাজদের ছয় জনের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করা হবে বলে তিনদিন আগে ঘোষণা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। কিন্তু সেই নির্ধারিত দিনে মামলা করতে পারেনি কমিশন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 02:44 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

গত বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশনার আবুল হাসান মনযুর মান্নান বলেছিলেন,“রোববার ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে কমিশন।”

কেনো মামলা দায়ের করা গেলো নাÑÑসাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেন, “সোমবার এ বিষয়ে কথা হবে।”

কমিশনার হাবিবুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “মামলার বিষয়ে আমি কিছু বলতে পারছি না। দেখুন এবং অপেক্ষা করুন।” অপর কমিশনার মনযুর মান্নান এই ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

এদিকে সোমবার সকালে কমিশনের গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সভার আলোচ্যসূচিতে রয়েছে  কমিশনের সব নথি সচিবের মাধ্যমে উপস্থাপিত হবে কি না; স্থাবর--অস্থাবর সম্পদের সঠিক হিসাব না দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান ও প্রাথমিক তদন্ত প্রতিবেদন তৈরি, কমিশনে আসা বিভিন্ন পুরানো ও নতুন অভিযোগ বাছাইপদ্ধতি নির্ধারণ, দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে যৌথবাহিনীর মাধ্যমে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন, তদন্ত ও অভিযোগপত্র প্রদান, সোর্স মানি, কমিশনের জন্য কয়েকটি নতুন গাড়ি ক্রয় ইত্যাদি।

সূত্রটি আরো জানায়, কমিশনকে আরও শক্তিশালী করতে সরকার জরুরি ক্ষমতা অধ্যাদেশ, ২০০৭--এর বিভিন্ন ধারা সংশোধন করতে যাচ্ছে। কমিশনকে সরাসরি তদন্তের ক্ষমতা প্রদান, মালামাল বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া চিন্তা--ভাবনা করা হচ্ছে। উত্তরাধিকার আইনও পরিবর্তন করবে সরকার।