২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি শুরু

চট্টগ্রামে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রোববার থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। বাজার মূল্যের সঙ্গে এখানে বিক্রি করা চালের দাম কম হওয়ায় বিক্রি শুরুর দেড় ঘন্টার মধ্যে চাল শেষ হয়ে যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 01:22 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান শেরশাহ কলোনি বাজারের মেসার্স আলী স্টোরে এই কার্যক্রম উদ্বোধন করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তত্ত্বাবধানে চট্টগ্রাম মহানগর ওএমএস কমিটি রোববার এ উদ্যোগের প্রথম দিনে মাত্র তিনজন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে।

পর্যায়ক্রমে নগরীর ৪১ টি ওয়ার্ডের প্রতিটিতে দুইজন করে মোট ৮২ জন ডিলার খোলাবাজারে চাল বিক্রি শুরু করবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।

ডিলারদের জন্য বরাদ্দ কম থাকায় বিক্রি শুরুর এই তিনটি স্পট থেকে খালি হাতে ফিরে গেছে অনেক ক্রেতা।

একজন ডিলার সর্বোচ্চ ৫১০ কেজি চাল বিক্রি করতে পারবেন। চাহিদার তুলনায় পরিমাণ কম হওয়ায় অনেক ক্রেতাই চাল না পেয়ে ফিরে গেছেন। একজন ক্রেতা ১৫ টাকা ২৫ পয়সা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

শেরশাহ বাজারের ডিলার গোলাম রসুল চৌধুরী জানান, বাজারের দামের সঙ্গে পার্থক্য অনেক বেশি বলে এত ভিড় হয়েছে। যে চাল এখানে ১৫ টাকা ২৫ পয়সা বাজারে তার দাম ২০-২১ টাকা।

এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারি উদ্যোগের পাশপাশি বেসরকারি আমদানিকারকরাও নগরীর বিভিন্ন স্থানে খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে।

রোববার চট্টগ্রামের আরো একজন বড় আমদানিকারক ‘টিকে গ্র“প’ নগরীর চারটি স্পটে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে। এ নিয়ে তিনটি বড় আমদানিকারক নগরীতে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করছে।

এসব কেন্দ্রে বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী পাওয়া যায় বলে নগরীর মানুষের মধ্যে এ নিয়ে আগ্রহও অনেক বেশি। এসব বিক্রয় কেন্দ্রে দিনের বেশিরভাগ সময় ভিড় লেগে থাকে। 

এসব বেসরকারি বিক্রয় কেন্দ্রেগুলোতে আগের পণ্যের সাথে রোববার থেকে সুপার পাম অয়েল এবং চাল বিক্রি শুরু হয়েছে।

টিকে গ্র“প অব ইন্ডাস্ট্রিজ কাভার্ড ভ্যানে করে কাজীর দেউড়ি বাজার, চৌমুহনীতে কর্ণফুলী মার্কেট, বহদ্দারহাট বাজার এবং ষোলশহরে কর্ণফুলী কমপ্লেক্সের সামনে পণ্য সামগ্রী বিক্রি করছে।