পটুয়াখালীতে ২ কেজি গাঁজা উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভ গ্রাম থেকে রোববার রাত ১টায় দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
ইটবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা হাবিবুল্লাহ মাসুদ জানান, রাতে বল্লভ গ্রামের ইটভাটা এলাকায় গ্রামবাসীরা অপরিচিত দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেয়।
সদর থানার এসআই সুকুমার জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ওই দু’ব্যক্তি একটি ব্রিফকেস রেখে পালিয়ে যায়। পুলিশ ব্রিফকেস থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে। দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
