বাগেরহাটে অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
জেলার প্রধান বাজারের তেলপট্টিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। সোমবার সকালে এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা আশঙ্কা করছেন।
ভোর পাঁচটার দিকে ফাতেমা এন্টারপ্রাইজ নামে একটি নারিকেল তেলের দোকানে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর বাগেরহাট, খুলনা ও পিরোজপুর ইউনিটের সহায়তায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের সময় একটি আলকাতরার ড্রাম বিস্ফোরণে জাহিদুর রহমান নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা জাকির হোসেনের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে নফহবংি২৪.পড়স-- কে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে এ সংক্রান্ত একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে।’
এদিকে অগ্নিকাণ্ডের সুযোগে বাজারে লুটপাট বা যেকোনো ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং রেডক্রিসেন্ট কর্মি নিয়োগ করা হয়েছে।
