২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়ক অবরোধের ঘটনায় ফরিদপুরে ৯ শ্রমিক গ্রেপ্তার

সদর উপজেলার কানাইপুরের করিম জুট স্পিনিং মিলে রোববারের শ্রমিক বিক্ষোভ ও ঢাকা--খুলনা মহাসড়ক অবরোধের ঘটনায় যৌথবাহিনী সোমবার নয় শ্রমিককে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এছাড়া জরুরি বিধিমালা--২০০৭ এর আওতায় ওই নয় শ্রমিকসহ অজ্ঞাত তিন/চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বেতন হ্রাস করার প্রতিবাদে করিম জুট মিলের শ্রমিকরা রোববার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধ করে রাখে।

মিলের পরিচালক ওয়াহেদ মিয়া অবশ্য দাবি করেছেন, শ্রমিকদের বেতন কমানো হয়নি। সাপ্তাহিক বেতন--বোনাস সংক্রান্ত নতুন বিধিমালা জারি করা হয়েছে। শ্রমিকরা বিধিমালা বুঝতে না পেরেই ক্ষুব্ধ হয়।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম জানান, গ্রেপ্তার হওয়া ৯ জন শ্রমিক বাবলু, আনোয়ার, শাহজাহান, ইমরান, চিত্ত, মঞ্জুর, সোহেল ও জমিরসহ অজ্ঞাত আরও তিন--চার শ শ্রমিককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নয় শ্রমিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।