২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

গত বছর এপ্রিলে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অস্টেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশের খেলার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 01:02 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ওইদিন পুলিশের হামলায় আহত সাংবাদিক, প্রত্যক্ষদর্শী ও অভিযুক্ত পুলিশদের সোমবার  সাক্ষ্যগ্রহণ করা হয়েছে চট্টগ্রাম উপ--মহা পুলিশপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে।

সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযুক্ত ডিসি আকবরের উপস্থিতিতে সেদিনের পুলিশি হামলায় আহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকের সাক্ষ্য রেকর্ড করা হয়। এরা হলেন প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক শামসুল হক টেংকু, দৈনিক পূর্বকোণের ফটো সাংবাদিক অনুরূপ টিটু, খবরপত্রের রিপোর্টার অভিজিৎ বণিক, আরটিভির ক্যামেরাম্যান সাজ্জাদুল করিম তুহিন ও চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মো. মহসিন। ডিআইজি মো. আমির উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর অভিযুক্ত পুলিশ ও ওই দিন ঘটনাস্থলে থাকা অন্য পুলিশদের বক্তব্য নেওয়া হয়।    

ডিআইজি মো. আমির উদ্দিন জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। এ অভিযোগ তদন্তের জন্য সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

২০০৬ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলাকালে পুলিশের হামলায় অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়েছিলেন। ঘটনার পর ডিসি আলী আকবরকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।  

সাংবাদিকদের দাবির মুখে পরে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়। বিভাগীয় তদন্ত কমিটি ডিসি আলী আকবরকে এ ঘটনার জন্য অভিযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে। এরপর পুলিশ বিভাগ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে।