২১ মামলার আসামি বোমারু কচি গ্রেপ্তার
হত্যা ও বোমাবাজিসহ ২১ মামলার আসামি আলমগীর হোসেন কচিকে (২৫) দুটি আগ্নেয়াস্ত্রসহ সোমবার রাতে বঙ্গভবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। কচির ঘনিষ্ঠ সহযোগী হানিফ ওরফে রুপকও (২৭) তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে।
কচির বিরুদ্ধে রাজধানীর কোতয়ালী ও সূত্রাপুরসহ কয়েকটি থানায় হত্যা, বোমাবাজি ও নারী নির্যাতনের অভিযোগে কমপক্ষে ২১ টি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাব--১০ এর একটি দল রাত সাড়ে আটটার দিকে সূত্রাপুর থানা এলাকার টয়েনবি সার্কুলার রোডের ৪৭/২/এ বাসায় অভিযান চালায়। র্যাব সদস্যরা সেখান থেকে কচি ও তার সহযোগী হানিফকে একটি দেশে তৈরি বন্দুক ও একটি পাইপগানসহ গ্রেপ্তার করে। বাসা থেকে বন্দুকের চার রাউন্ড কার্তুজ এবং থ্রি--নট--থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
কচি ও তার সহযোগী হানিফকে বর্তমানে ধলপুরে র্যাব-১০ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে আরেক অভিযানে র্যাব--১০ সদস্যরা তিনটি হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেনকে (৩০) একটি দেশে তৈরি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে।
