বাঁশখালীর ১১ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
চট্টগ্রামের বাঁশখালীর বহুল আলোচিত ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলা পুনঃতদন্তের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এএনএম বশিরউল্ল্যাহ এরই মধ্যে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ না করে আবার তদন্তের আদেশ দেন।
বাঁশখালী উপজেলার সাধনপুরের শীল পাড়ায় ২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে একদল দু®কৃতিকারী তেজেন্দ্র শীলের ঘরে আগুন ধরিয়ে দিলে শিশু, নারী ও বৃদ্ধসহ ১১ জন দগ্ধ হয়ে মারা যায়।
এ ব্যাপারে দায়ের করা হত্যা মামলার বাদী বিমল শীলের আবেদনের প্রেক্ষিতে আদালত কয়েকবার শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন।
সেইসঙ্গে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য একজন দায়িত্বশীল কর্মকর্তাকে নিয়োগ করার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে এ মামলার নথিপত্র নিম্ন আদালতে ফেরত পাঠানোরও আদেশ দেওয়া হয়েছে।
লোমহর্ষক এ হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীর ইন্ধন রয়েছে এমন অভিযোগের পরও তাকে অভিযোগপত্র থেকে বাদ দেন তদন্তকারী কর্মকর্তা।
তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের তৎকালীন এএসপি ক্লারেন্স গোমেজ ২০০৫ সালের ১৪ ডিসেম্বর গোপনে বাঁশখালী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এমনকি নিয়মানুযায়ী মামলার বাদী বিমল শীলকেও তা জানানো হয়নি।
এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী গত বছরের ১৭ অক্টোবর অভিযোগপত্র চ্যালেঞ্জ করে মামলাটি পুুনঃতদন্তের জন্য আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, এএসপি গোমেজ তার দাখিল করা অভিযোগ পত্রে ৩১ জনকে অভিযুক্ত এবং ১১ জনকে বাদ দেওয়ার সুপারিশ করেছিলেন। সাক্ষী রাখা হয়েছিল ২২ জনকে। ৩১ জন আসামীর মধ্যে বর্তমানে হাজতে আছে ১৮ জন। একজন জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। এ ছাড়া বাকি ১২ জন পলাতক রয়েছেন।
সূত্র জানায়, অভিযোগপত্রে এ ঘটনাকে ডাকাতি বলে উল্লেখ করা হয়। কিন্তু আটক একাধিক আসামী এ ঘটনার পেছনে বাঁশখালী বিএনপি নেতা ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের চাচাতো ভাই আমিন চেয়ারম্যানের সংশ্লিষ্টতা রয়েছে বলে তথ্য দিয়েছেন। কিন্তু অভিযোগপত্রে তা উল্লেখ না থাকায় আবারও পুনঃতদন্তের আবেদন জানানো হয়।
মঙ্গলবার পুনঃতদন্তের জন্য বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি কফিল উদ্দিন।
