২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করের আওতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

আরো বেশি সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় নিয়ে আসতে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তিনি জানান, “আরো চাকরিজীবী ও ব্যবসায়ীদের করের আওতায় আনতে ২৯ মার্চ থেকে রাজধানীতে আয়কর বিষয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। অবশ্য রাজধানীর প্রতিটি ঘরে গিয়ে তল্লাশি চালানোর মতো জনশক্তি এনবিআরের নেই।”

করের পরিধি বাড়ানোর জন্য ঘরে ঘরে গিয়ে রাজস্ব বোর্ড কর্মকর্তাদের তল্লাশি চালানোর বিষয়ে গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে এনবিআর প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রতিবেদনটি  ‘মিথ্যা’ উল্লেখ করে বদিউর রহমান সাংবাদিকদের প্রতিবেদন লেখার আগে বিষয়টি বুঝে নিতে পরামর্শ দেন।

আয়কর বিষয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চালানোর জন্য তিন সদস্য বিশিষ্ট আটটি কমিটি গঠন করেছে এনবিআর। বোর্ড প্রাথমিকভাবে ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর প্রদানের যোগ্যতা যাচাই করবে বলে জানান বদিউর রহমান।

এনবিআর চেয়ারম্যান জানান, ২১ লাখ কর চিহ্নিত করণ (টিন) নম্বরধারীর মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা মাত্র নয় লাখ।

তথ্য সংগ্রহ কার্যক্রম এসব আয়কর রিটার্ন খেলাপিদের চিহ্নিত করতে সাহায্য করবে এবং তাদের আয়করের আওতায় আনা যাবে বলে তিনি জানান।