সারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ
সারের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ--সোনামসজিদ মহাসড়কের পিরোজপুর এলাকা দুই ঘণ্টা অবরোধ করেছেন কৃষকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
কৃষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টা থেকে কৃষকরা শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের সার ডিলার মেসার্স বন্ধন ট্রেডার্সের দোকানে ভিড় জমান। সেখানে প্রায় চার হাজার কৃষক সমবেত হন। কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় তাদের সার দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
এ সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
গত ১৮ মার্চ থেকে চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা, গোবরাতলা, শাহজাহানপুর ও পার্বতীপুরসহ বিভিন্ন এলাকায় প্রতি চারজন কৃষককে এক বস্তা করে সার দেওয়া হলেও মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত পিরোজপুরের কৃষকদের সার দেওয়া হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ জানান, প্রয়োজনের তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জে দুই জন ডিলারকে মাত্র ৬০০ বস্তা সার দেওয়া হয়েছে। ফলে এক বস্তা সার চার জন কৃষককে দেওয়া হচ্ছে।
পিরোজপুরে চার হাজার কৃষক থাকলেও ৩০০ বস্তা সারের বিপরীতে মাত্র ১২০০ কৃষককে টোকেন দেওয়া হয়।
