সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ানোর প্রস্তাব
সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে সিএনজি অটোরিকশা নীতিমালার খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটি। খসড়ায় প্রথম দুই কিলোমিটারে এক টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৫০ পয়সা এবং থামা অবস্থায় প্রতি মিনিটে ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বর্তমানে প্রথম দুই কিলোমিটারে ১২ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে পাঁচ টাকা এবং ষ্ট্যান্ডিং অবস্থায় প্রতি মিনিটে পঞ্চাশ পয়সা ভাড়া নির্ধারণ করা আছে।
এছাড়া খসড়া নীতিমালায় অটোরিকশার মালিকের কাছে প্রতি দিনের জমা (চালকের ভাড়া) তিনশ টাকার পরিবর্তে ৪৭৫ থেকে ৪৮০ টাকা এবং যে কোন দুরত্বে যাত্রী ওঠানো বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
কোন চালক স্বল্প দুরত্বে যাত্রী উঠাতে অস্বীকৃতি জানালে সেই চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও রুট পার্মিট বাতিল করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত নীতিমালায়। এ ক্ষেত্রে ভুক্তভোগী যাত্রীকে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত নিকটস্থ পুলিশ কর্মকর্তা অথবা পুলিশ স্টেশনে অভিযোগ করতে হবে।
বিআরটিএ ( বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) চেয়ারম্যান আবু বকর মোঃ শাহজাহান এর নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটি এসব প্রস্তাব করে সিএনজি অটোরিকশা নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। রোববার যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) আবদুল মতিনের কাছে এ খসড়াটি জমা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে কমিটির চেয়ারম্যান আবু বকর মোঃ শাহজাহান নফহবংি২৪.পড়স কে বলেন, ” অটোরিকশা নীতিমালার খসড়া তৈরি করে যোগাযোগ উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উপদেষ্টার সভাপতিত্বে অটোরিকশা মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলে আমি আশাবাদী।”
প্রসঙ্গত, অটোরিকশা পরিচালনার ক্ষেত্রে বর্তমানে কোন নীতিমালা নেই। নীতিমালার খসড়া প্রণয়ণের জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গত মাসে বিআরটিএ’র চেয়ারম্যানকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন মালিক সমিতি, চালক সমিতি ও বিআরটিএ’র দু জন করে প্রতিনিধি, পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের একজন উপসচিব।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, অটো রিকশার সংখ্যা ১২ হাজার ৭১৫ থেকে বাড়িয়ে ১৫ হাজার করারও প্রস্তাব করেছে কমিটি। বিআরটি’এর টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতে একটি অটোরিকশা রাস্তায় চলাচল করার সর্বোচ্চ মেয়াদ নয় বছর করার প্রস্তাব খসড়া নীতিমালায় অন্তর্ভূক্ত করা হয়।
কমিটির দুই সদস্য, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী- মালিক সমিতির সভাপতি মো. বরকত উল্লাহ ভুলু ও ঢাক জেলা অটো রিকশা, অটো টেম্পো ও মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মুজিবুর রহমান নফহবংি২৪.পড়স বলেন, নীতিমালা বাস্তবায়ন হলে যাত্রিসেবা নিশ্চিত হবে। পাশাপাশি গাড়ির মালিক ও চালকের সার্বিক স্বার্থও রক্ষা হবে।
