২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেকের কথিত সম্পর্ক তদন্তে গোয়েন্দাদের সরকারের নির্দেশ

তারেক রহমানের সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্রের নেতা দাউদ ইব্রাহিমের কথিত সম্পর্ক তদন্ত করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির চেয়ারম্যান এমএ মতিন সাংবাদিকদের একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 04:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এমএ মতিন বলেন, “তদন্তে তারেকের রহমানের সঙ্গে দাউদের সম্পর্কের অভিযোগ প্রমাণিত হলে তারেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।”

ভারতের একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রেখে চলতেন তারেক। বেআইনি অর্থপাচার সূত্রে ওসামা বিন লাদেনের আল কায়দা গোষ্ঠীর সঙ্গেও তার যোগসাজশ ছিল।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গত বছর মার্চে তারেক তার বিশ্বস্ত সঙ্গী তদানীন্তন জাতীয় গোয়েন্দা সংস্থার মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারের সঙ্গে দুবাই গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। দুবাইয়ের এক হোটেলে দাউদ ইব্রাহিমের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক হয় তারেকের। সেখানে বেশকিছু ‘চুক্তি’ও হয় তাদের মধ্যে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচন আসন্ন ধরে নিয়ে তারেক মোটা টাকার অস্ত্র ও বিস্ফোরক কেনার ব্যাপারে দাউদের সঙ্গে কথা বলেন। দুবাইয়ে বেশকিছু জমি কেনার ব্যাপারে মনস্থ করেন তারেক, সেগুলোতে ব্যবসা করবে দাউদগোষ্ঠী। ৬ কোটি ডলার দিয়ে দুবাইয়ে বিশাল একটি অট্টালিকা কিনেছিলেন তারেক। অভিযোগ আছে, আল কায়দা গোষ্ঠীর সঙ্গে হাওয়ালা চক্রের মাধ্যমে তিনি জড়িত।

বৃহস্পতিবার বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়।