ব্যাংক একাউন্ট জব্দের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন মওদুদ
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট জব্দের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়েছে। রিটটির ওপর বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি আব্দুল আউয়াল এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে মামলাটি দায়ের করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার স্ত্রী হাসনা মওদুদ।
রিট আবেদনে বলা হয়, গত ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা শাখা ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট জব্দ করার আদেশ দেয়। এই আদেশ ৪ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার পরিবারের সদস্যদের কাছে এই আদেশ পৌঁছেনি।
রিট আবেদনে আরও বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের ১১৩ ও ১১৭ ধারায় জব্দের আদেশ দেওয়া হলেও এই ধারা দুটির বিধানে এ ধরনের আদেশ দেওয়া যায় না। এছাড়া ব্যাংকার্স বুক এভিডেন্স অনুযায়ী এ ধরনের আদেশ দেওয়া যায় না। এছাড়া কোনো ব্যক্তি কম আয়কর দিলে আয়কর অধ্যাদেশের ৯৩ ধারা অনুযায়ী সংশোধিত তথ্য বিবরণ আকারে জমা দিতে পারে।
এছাড়া কারণ দর্শানোর নোটিশ না দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে এই জব্দের আদেশ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ন্যায় বিচার পরিপন্থী কাজ করেছেন এবং রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে বলে ওই রিটে উল্লেখ করা হয়।
রিট মামলাটি পরিচালনা করবেন ব্যারিস্টার রফিক--উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
