লালবাগে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) একটি দল মঙ্গলবার রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে। এ সময় কারখানার প্রধান কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পাঁচ নং টিমের সহকারি কমিশনার মো. শহিদুল্লাহর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে লালবাগ থানা এলাকার ৩০/৮ কামালবাগে হাজী সিরাজের টিনশেড পলিথিন কারখানায় অভিযান চালায়। ডিবি সদস্যরা সেখান থেকে চারটি পলিথিন তৈরির মেশিন, চারটি কাটিং মেশিন, ১৬ ব্যাগ পলিথিন তৈরির দানা এবং কমপক্ষে ১৫ লাখ টাকার মূল্যের ১০ বস্তা পলিথিন ও ১২টি রোল জব্দ করে। অভিযানের সময় কারখানার মালিক হাজী সিরাজ পালিয়ে যায়। তবে এর প্রধান কারিগর আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দানকারী সহকারি কমিশনার মো. শহিদুল্লাহ নফহবংি২৪.পড়স -কে জানান, কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা সরঞ্জামের দাম ৫০ লাখ টাকার বেশি বলেও তিনি জানান।
এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে।
