২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সমালোচনাকারীদের ষড়যন্ত্রকারী আখ্যা দিলেন অঙ্গসংগঠনের নেতারা

জুন মাসে নির্বাচন চাওয়ায় আওয়ামী লীগের যেসব নেতা শেখ হাসিনার সমালোচনা করেছেন তাদের ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছেন দলের সহযোগী সংগঠনগুলোর অনেক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 11:43 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা ছাড়াও আওয়ামী লীগের ‘কেন্দ্রীয় বিভাগীয় উপ কমিটি’র বেশ কয়েকজন সহ--সম্পাদক সোমবার নেত্রীর সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান। তারা বলেন, যারা শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে চায় তাদের চিহ্নিত করতে হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গত রোববারের বৈঠকে হাসিনার জুন মাসে নির্বাচনের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে সবার সঙ্গে পরামর্শ করার অনুরোধ করেন। 

সহযোগী সংগঠনের নেতারা সোমবার সন্ধ্যায় সন্ধ্যা ৬টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে রাত সোয়া ৯টা পর্যন্ত অবস্থান করেন। এর মাঝে তারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাদের কথা তুলে ধরেন।

হাসিনার সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত একটি সূত্র জানায় সহযোগী সংগঠনের নেতারা বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। যারা নির্বাচনের বিরোধিতা করছেন তারা পরোক্ষভাবে এই সরকারকে আরো বেশি সময়ের জন্য ক্ষমতায় রাখতে চায়। এসব নেতারা নিজেদের বাচাঁতে নির্বাচনের বিরোধিতা করছেন।

তারা আরও বলেন, কার্যনির্বাহী সংসদের বৈঠকে সব কিছু খোলামেলা ভাবে আলোচনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু কার্যনির্বাহী সংসদের বৈঠকের খবর প্রচার মাধ্যমগুলোতে গেলো কীভাবে।এর পেছনেও ষড়যন্ত্র রয়েছে। কারা শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে চায় তাদের চিহ্নিত করতে হবে।

সূত্র জানায় সবার বক্তব্য শুনে হাসিনা বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমি মনে করি দেশের মানুষ নির্বাচন চায়। এজন্যই আমি কার্যনির্বাহী সংসদের বৈঠকে নির্বাচনের দাবি করেছি। নেতারাও তাদের মত প্রকাশ করেছেন।”

হাসিনার সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের সাক্ষাতের সময় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত, এএসএইচকে সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।