সৈয়দপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ চত্বরের মাটি খুঁড়ে ৩৬৫ বস্তা ভেজাল সার উদ্ধার
ভেজাল সার উদ্ধারে সৈয়দপুর শহরের কাজিপাড়ায় তিস্তা এগ্রো ইন্ডাস্ট্রিজ চত্বরে আবারও খোঁড়াখুড়ি শুরু করেছে পুলিশ। রোববার পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে আরও ৩৬৫ বস্তা ভেজাল সার। এ নিয়ে উদ্ধারকৃত সারের পরিমাণ দাঁড়ালো ৫৯৮ বস্তা। এ ঘটনায় কারখানার মালিকের স্ত্রী নাসিফা আক্তার রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৈয়দপুর পুলিশ জানিয়েছে, সাবেক পৌর কমিশনার আবদুল মান্নান শান্ত শহরের কাজিপাড়া মহল্লায় তিস্তা এগ্রো ইন্ডাস্ট্রিজ সার কারখানা প্রতিষ্ঠা করে ২০০৫ সাল থেকে উৎপাদন শুরু করে। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই ভেজাল সার উৎপাদন ও বাজারজাত করছিল বলে অভিযোগ আছে। ওই সময় তার কারখানায় উৎপাদিত ভেজাল সার দিনাজপুরের খানসামায় ধরা পড়লেও অজ্ঞাত কারণে তিনি পার পেয়ে যান।
দেশে জরুরি অবস্থা জারির পর ভেজাল বিরোধী অভিযান শুরু হলে কারখানা মালিক কাগজে-- কলমে উৎপাদন বন্ধ রাখার কথা কৃষি বিভাগকে জানিয়ে দেন। র্যাব--৫ এর সদস্যরা সৈয়দপুর শহরের বানীচাঁদ এলাকায় ভেজাল সারের কারখানা আবিস্কারের পর আবদুল মান্নান শান্ত তার কারখানায় উৎপাদিত ভেজাল সার কারখানা চত্বরে পুঁতে রেখে ভারতে চলে যান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত ২৮ ফেব্র“য়ারী কারখানা চত্বরে মাটিতে পুঁতে রাখা ২৩৩ বস্তা ভেজাল সার উদ্ধার ও ম্যানেজার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ওসি মিরাজ বিল্লাহ জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩৬৫ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়েছে। তবে মাটির নিচে আরও অনেক সার রয়েছে। যা উদ্ধারে খোঁড়াখুড়ি চলছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর সার্কেল এএসপি লুৎফর রহমান। এ ঘটনায় সন্ধ্যার পর কারখানার মালিক আবদুল মান্নান শান্তর স্ত্রী নাসিফা আক্তার রুমীকে গ্রেপ্তার করে পুলিশ।
