লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, চলবে শনিবার দুপুর পর্যন্ত
মাঘের কুয়াশা কাটতে না কাটতেই ফাল্গুনের শুরু থেকে পড়েছিল প্রচণ্ড গরম। কিন্তু যখন মনে হচ্ছিল শীত বুঝি চলেই গেল, ঠিক তখনই যেন আবার নতুন করে ফিরে এলো শীত। বাক্সবন্দি করে ফেলা গরম কাপড়গুলো দুদিনের বৃষ্টিভেজা শীতে আবার নতুন করে গায়ে চড়াতে হচ্ছে রাজধানীবাসীদের।
ভারতের পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের বাংলাদেশি সীমানায় পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূর্ব লঘুচাপের সংযোগ ঘটায় এ বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
তাদের দেওয়া পূর্বাভাষ অনুযায়ী শুক্রবার সারাদিনই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। লঘুচাপটি ধীরে ধীরে পূর্ব ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি কেটে যেতে ২৪ ঘন্টা সময় লাগবে এবং শনিবার দুপুর নাগাদ থামতে পারে বর্ষণ।
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ মিলিমিটার। এছাড়া রাজধানীতে ৯ মিলিমিটার, সিলেটে ৭ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৪ মিলিমিটার, যশোরে ১২ মিলিমিটার, খুলনায় ১২ মিলিমিটার, সাতক্ষীরায় ১৫ মিলিমিটার, বগুড়াতে ১৩ এবং যশোরে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এ সময়ে দেশের সর্বনিু তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
