গাজীপুরে আগুন আতঙ্কে ৩২ গার্মেন্টস কর্মী আহত
গাজীপুর সদরের কুনিয়ায় ব্রডওয়ে ইন্ডাস্ট্রিজ নামে একটি স্পিনিং ও গার্মেন্টসের ঝুট কারখানায় বৃহস্পতিবার দুপুরে আগুনে আনুমানিক ১৭০ টন ঝুট পুড়ে গেছে। এ সময় পাশের ফরচুন গ্র“পের তিনটি গার্মেন্টসের কর্মীরা হুড়োহুড়ি করে নামতে গেলে আহত হন ৩২ জন।
গুরুতর আহত আশা (২৫), সুমি (২২) ও অজ্ঞাত (২৩) এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৯ জনকে কুনিয়ায় তায়রুন্নেছা মোমোরিয়াল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকরা জানান, দুপুর পৌনে ১২টায় টিনের তৈরি প্রায় ১০০ গজ লম্বা ব্রডওয়ে ইন্ডাস্ট্রিজের মাঝামাঝি স্থানে আগুন ধরে যায়। দ্রুত তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
আগুনের ধোয়া পাশের ফরচুন গ্র“পের তিনটিতে কারখানায় ছড়িয়ে পড়লে সেখানকার প্রায় তিন হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে নিচে নামতে শুরু করলে পদদলিত হন ৩২ জন।
জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রডওয়ে ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক সেলিম রেজা জানান, আগুনে তাদের আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তায়রুন্নেছা হাসপাতালে ভর্তি আহতরা হচ্ছেন সুমি (২০), নিলুফা (২১), গোলাপ (২০), পারভিন (২১), হোসনে আরা (৩০), অঞ্জনা (৩৫), রেহানা (২০), সাথী (২৫), আঁখি (২২), মিনা (২০), ফরিদা (২২), আমেনা (২২), কল্পনা (৩০), আবুল কালাম (২০), দুলালী (২০), সাবিনা (২২), তাহেরুল (৩২), বিথী (২৩) ও সুলতান (২৫)।
দুর্ঘটনার পর ফরচুনা গ্র“পের তিনটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করে দেয়। শনিবার এগুলো চালু হবে বলে জানিয়েছেন ফরচুনা গ্র“পের কর্মকর্তা মো. ইয়াসিন আলী সরকার।
